ছবিতে মোটা ও বয়স্ক টম ক্রুজ ট্রলের শিকার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:২২ পিএম, ১৬ অক্টোবর ২০২১

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। তাকে বলা হয় চিরসবুজ একজন অভিনেতা। পর্দায় যার উপস্থিতি সবসময়ই আবেদন ছড়ায় দর্শকের অন্তরে। তিনবার একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেছেন এবং তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেছেন।

তার অভিনয় জীবন শুরু হয় ১৯ বছর বয়সে ‘এন্ডলেস লাভ’ চলচ্চিত্র দিয়ে।

তবে সম্প্রতি তিনি পড়ে গেছেন ট্রলের মুখে। বেসবল ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন টম ক্রুজ। গ্যালারিতে বসে খেলা দেখতে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। সেই ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। প্রথম দেখায় তাকে চেনাই দায়। ওজন বেড়েছে অনেক। চেহারাতেও বয়সের ছাপ।

এই ছবি দিয়ে টুইটারে এখন ‘ট্রেন্ডিং’-এ টম ক্রুজ। কীভাবে এতটা ওজন বাড়ল সেটা নিয়ে চলছে ভক্তদের চর্চা। কারও মতে, নতুন কোনো ছবির জন্যই ওজন বাড়িয়েছেন অভিনেতা। কেউ আবার মনে করছেন, লকডাউনে বাড়িতে বসে বেড়েছে ওজন।

এক ভক্ত তো মজা করে লিখেছেন, ‘টপ গান’ থেকে ‘টপ শেফ’ হয়ে গেছেন টম ক্রুজ।

‘টপ গান’ ও ‘মিশন ইমপসিবল’-এর পরবর্তী ছবিতে টমকে দেখার অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। করোনা মহামারীর জন্য দুটি ছবিরই মুক্তি পিছিয়েছে। ‘টপ গান: মাভেরিক’ মুক্তি পেতে পারে চলতি বছরের নভেম্বরে। ‘মিশন ইমপসিবল সেভেন’ প্রেক্ষাগৃহে আসবে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর।

এমআই/এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।