জাবিতে ৩০ টাকায় দেখা যাবে ‘নয়া মানুষ’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫

সারাদেশের মানুষকে দেখানোর চিন্তা মাথা রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৩০ টাকার বিনিময়ে প্রদর্শন করা হবে ‘নয়া মানুষ’। ছাত্রদের জন্য দুই দিনব্যাপী সিনেমাটি প্রদর্শন করা হবে। ‘স্ব-চিন্তন’র আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে সিনেমাটি।

চরের মেহনতী মানুষের জীবন ও প্রকৃতির সাথে খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে ‘নয়া মানুষ’সিনেমার গল্প। আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। এ নির্মাতার এটি প্রথম সিনেমা। গত ৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় চলচ্চিত্রটি এবং দর্শকদের প্রশংসা পায়।

আরও পড়ুন:

বিকল্প প্রদর্শনী নিয়ে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘দেশের একটা বিশাল অংশের মানুষ বিভিন্ন কারণে সিনেমা হল বিমুখ, পরিবারের সবাইকে নিয়ে সিনেমা দেখার দীর্ঘদিনের অভ্যাস ত্যাগ করেছেন। কিন্তু “নয়া মানুষ” পরিবারের সবাইকে নিয়ে বিশেষ করে বাচ্চাদের নিয়ে দেখার মতো সিনেমা, সিনেপ্লেক্সে সিনেমা দেখাটা ব্যয়বহুল যা বহন করার সামর্থ্য অনেকের নেই তাই আমরা এই বিকল্প প্রদর্শনীর মাধ্যমে “নয়া মানুষ” গণমানুষের কাছে পৌঁছে দিতে চাই, তাদের সিনেমা দেখানোতে অভ্যস্ত করতে চাই।’

কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে চলচ্চিত্রটিতে অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আ. মা. ম. হাসানুজ্জামান, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশী প্রমুখ।

এমআই/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।