ছেলেদের তুলনায় মেয়েদের মস্তিষ্ক দ্রুত পূর্ণতা পায়
ছেলেদের চেয়ে মেয়েদের মস্তিষ্ক ২-৩ বছর আগে পরিপূর্ণ আকার ধারণ করে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পিটসবার্গ ইউনিভার্সিটির একটি দল এই গবেষণা পরিচালনা করে। শৈশব থেকে সাবালক হওয়ার সময়ে শিশুদের মস্তিষ্কের পরিবর্তন দেখার জন্য এমআরআই মেশিনের সাহায্য নিয়ে এই গবেষণা করা হয়।
গবেষকরা জানান, এই গবেষণায় শিশুদের মস্তিষ্কের সাদা অংশ, টিস্যু এবং মস্তিষ্কের কোষ বর্ধনকারী অ্যাক্সনের দিকে বিশেষ নজর রাখা হয়।
তারা জানান, জ্ঞান লাভ বা মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে মস্তিষ্কের সাদা অংশ। এই গবেষণার সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো- মস্তিষ্কের সাদা অংশ ছেলে শিশু এবং মেয়ে শিশুদের মাঝে পার্থক্য গড়ে দিতে পারে।
গবেষণায় ১২৮ জনের মস্তিষ্ক স্ক্যান করা হয়েছে। তাদের প্রত্যেকের বয়স ৫ বছরের বেশি। গবেষণায় দেখা গেছে, ৮ থেকে ২৮ বছরের মধ্যে মস্তিষ্কের পরিবর্তন হয়। মেয়েদের তুলনায় ছেলেদের মস্তিষ্ক আগে পূর্ণতা পেতে শুরু করে। সম্পূর্ণ রূপ পেতে ছেলেদের মস্তিষ্ক অনেক বেশি সময় নেয়।
গবেষকরা বলছেন, শিশুকাল থেকে সাবালক হওয়ার সময় পর্যন্ত ছেলেদের মস্তিষ্ক বাড়তে থাকে। এর বিপরীতে মধ্য কৈশোরেই পূর্ণতা পায় মেয়েদের মস্তিষ্ক।
এইচএন/পিআর