বছরের দীর্ঘতম দিন আজ
বছরের সবচেয়ে দীর্ঘতম দিন আজ ২১ জুন। আজকের দিন থাকবে ১৩ ঘণ্টা ৩৬ মিনিট ২ সেকেন্ড। সূর্য একটি নির্দিষ্ট সময়ে কর্কটক্রান্তি রেখার ওপর লম্বাভাবে অবস্থান করে। কর্কটক্রান্তি রেখা বা অংশ বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।
এই দিনে সূর্য তার উত্তরায়ণের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে এবং সর্বোচ্চ উত্তরে উদয় হয় ও সর্বোচ্চ উত্তরে অস্ত যায়। কর্কট রেখায় সূর্যকে আজ মধ্যাহ্নে আকাশের ঠিক মাঝখানে দেখা যায়।
বাংলাদেশের মধ্যাংশ দিয়ে কর্কটরেখা যাওয়ার ফলে কর্কটক্রান্তি দিবসে বাংলাদেশের প্রায় সবখানেই মধ্যাহ্নে সূর্য থাকবে মধ্যগগনে প্রায় মাথার ওপরে সুবিন্দুতে। ওই সময়ে কর্কটরেখায় কোনো লাঠি ভূমির সঙ্গে লম্বভাবে রাখলে তার ছায়া পড়বে না।
ঢাকার আকাশে রোববার দুপুর ১২টায় সূর্য মধ্যগগন থেকে মাত্র ০.৩ কৌণিক ডিগ্রি দূরে থাকবে। তাই ঢাকায়ও এ সময়ে কোনো লম্বা দণ্ডের ছায়া প্রায় পড়বে না বলা যায়।
বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র ২০০৭ সাল থেকে চারপাশের প্রকৃতি ও প্রতিবেশের বিভিন্ন ঘটনার প্রতি সাধারণের মধ্যে আগ্রহ সৃষ্টি এবং এগুলোর বিজ্ঞানসম্মত কারণ অনুসন্ধানে উত্সাহিত করার লক্ষ্যে বাংলাদেশে দিবসটি পালন করে আসছে। এ বছরও দিবসটি উপলক্ষে অনুসন্ধিৎসু চক্র বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এসকেডি/এআরএস/এমএস