ভারত

মামার জামা পরে বেরোনোয় চিনতে ‘ভুল’, গুলিতে প্রাণ গেলো তরুণের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৯ মার্চ ২০২৫
প্রতীকী ছবি

শখ করে মামার জামা পরে বাইরে বেরিয়েছিল ১৮ বছর বয়সী আয়ুষ। কিন্তু সেই জামার জন্যই প্রাণ হারাতে হলো তাকে। ওই জামার কারণে তাকে ভুলক্রমে মামা ভেবে গুলি করে শত্রুপক্ষের লোকজন। এতে নিহত হয় ছেলেটি। সম্প্রতি মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের বিহারে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, সমস্তিপুর জেলার টাউন থানা এলাকার মগধী লোকালিটির কাছে একটি সরকারি স্কুলের সামনে গত শুক্রবার (৭ মার্চ) গুলি করে হত্যা করা হয় আয়ুষ যাদবকে। তিনি জেলার জিতওয়ারপুর বুল্লেচক এলাকার বাসিন্দা অশোক রায়ের ছেলে।

আরও পড়ুন>> 

নিহতের মামা বিজয় যাদব জানান, তাদের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। আয়ুষ তার মামার একটি জামা পরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বাজারে গিয়েছিলেন। কিন্তু প্রতিপক্ষরা আয়ুষকে বিজয় ভেবে গুলি করে হত্যা করে।

টাউন থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) সঞ্জয় পাণ্ডে জানান, নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। আয়ুষ তার মামার বাড়িতে থেকে পড়াশোনা করছিলেন। ঘটনার সময় তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন, আর তার বন্ধু পেছনে বসা ছিলেন। মামা বিজয় রায়ের জামা পরার কারণেই তাকে ভুল করে হত্যা করা হয়। এ ঘটনায় সাজন কুমার ও মুকেশ কুমার নামের দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, আয়ুষ বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস আনতে মধ্যুরি চৌকের দিকে যাচ্ছিলেন। তখন দুজন সশস্ত্র হামলাকারী মোটরসাইকেলে তাকে অনুসরণ করে এবং কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনে গুলি চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলি তার বুকে লেগেছিল।

খবর পেয়ে টাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এএসপি পাণ্ডে বলেন, আয়ুষের মামার পরিবারের সঙ্গে প্রতিবেশী সাজনের জমি নিয়ে বিরোধ চলছিল। উভয়পক্ষই এক বিঘা জমির মালিকানা দাবি করছে। এর আগেও এ নিয়ে কয়েকবার সংঘর্ষ হয়েছে এবং বিষয়টি বর্তমানে সমস্তিপুর দেওয়ানি আদালতে বিচারাধীন।

পুলিশ আরও জানায়, আয়ুষ দুই বছর ধরে মামার বাড়িতে থাকছিলেন। তার বাবা অশোক রায় একজন পেইন্টার। সাজনের পরিবারের অন্যান্য অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।