গাজাগামী সুমুদ ফ্লোটিলার বহরকে সুরক্ষা দেবে ইতালি ও স্পেন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫
সুমুদ ফ্লোটিলার বহর/ ছবি: এএফপি (ফাইল)

ইসরায়েলি নৌ অবরোধ ভেঙে গাজার উদ্দেশে যাত্রা করা একটি আন্তর্জাতিক ত্রাণবাহী বহর (গ্লোবাল সুমুদ ফ্লোটিলা) ড্রোন হামলার শিকার হওয়ার পর ইউরোপীয় দেশ ইতালি ও স্পেন তাদের নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে।

বহরটিতে রয়েছে প্রায় ৫০টি বেসামরিক নৌকা। যার সঙ্গে রয়েছেন আইনজীবী, সংসদ সদস্য এবং মানবাধিকার কর্মীরা। এতে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও আছেন। বহরটির লক্ষ্য ইসরায়েলের অবরোধ ভেঙে সরাসরি গাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানো।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার একটি ফ্রিগেট পাঠানো হয়েছে এবং সেটিকে একটি অন্য জাহাজ দিয়ে প্রতিস্থাপন করা হবে।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেলজিয়াম, ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় দেশ অনুরোধ করেছে যাতে বহরে থাকা তাদের নাগরিকদের প্রয়োজনে সুরক্ষা দেওয়া হয়।

ইতালি একটি সমঝোতার প্রস্তাব দেয়, যাতে করে ত্রাণসামগ্রী সাইপ্রাসে নামিয়ে ক্যাথলিক চার্চের লাতিন প্যাট্রিয়ার্কেট অব জেরুজালেম-এর মাধ্যমে গাজায় পৌঁছে দেওয়া যায়। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দাবি করেন, ইসরায়েল এ প্রস্তাবে সম্মতি দিয়েছে।

কিন্তু বৃহস্পতিবার ফ্লোটিলা পক্ষ থেকে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করা হয়।

এর আগে বুধবার গ্রীসের গাভদোস দ্বীপের ৩০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় থাকা বহরটির ওপর ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

এম পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় দেশগুলোর এই পদক্ষেপ ইসরায়েলের সঙ্গে উত্তেজনা আরও বাড়াতে পারে, কারণ তেল আবিব আগেই ফ্লোটিলার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে।

সূত্র: রয়টার্স

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।