রাফাহ ক্রসিং আংশিক খুলে দিলো ইসরায়েল
গাজার রাফাহ ক্রসিং আংশিক খুলে দিলো ইসরায়েল। মানবিক সংস্থাগুলোর কয়েক মাসের আহ্বানের পর স্থানীয় সময় রোববার (১ ফেব্রুয়ারি) ইসরায়েল বিধ্বস্ত গাজা উপত্যকা এবং মিশরের মধ্যে অবস্থিত রাফাহ ক্রসিং আংশিকভাবে খুলে দিয়েছে। যদিও মানুষের চলাচল সীমিত করা হয়েছে।
ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধবিরতির পরেও সহিংসতা অব্যাহত থাকায় এই ক্রসিং পুনরায় চালু করা হলো। গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ ৩২ জন নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে গাজায় আক্রমণ করেছে।
বেসামরিক নাগরিকদের চলাচল এবং সহায়তা উভয়ের জন্যই একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হচ্ছে রাফাহ ক্রসিং। হামাসের লড়াইয়ের সময় ২০২৪ সালের মে মাসে ইসরায়েলি বাহিনী এই ক্রসিং নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই বন্ধ ছিল। ২০২৫ সালের শুরুর দিকে সংক্ষিপ্ত এবং সীমিত আকারে পুনরায় রাফাহ ক্রসিং খোলার পর আবারও বন্ধ করে দেওয়া হয়েছিল।
ফিলিস্তিনি বেসামরিক বিষয় সমন্বয়কারী ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগ্যাট রোববার জানিয়েছে যে, রাফাহ ক্রসিং আজ সীমিত সংখ্যক বাসিন্দাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
হামাস কর্তৃপক্ষের অধীনে পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন ক্রসিংটি খোলার পরে প্রায় ২০০ রোগী ওই এলাকা ছেড়ে যাওয়ার অনুমতি পাওয়ার অপেক্ষায় ছিলেন।
এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত প্রায় ৪০ জন ফিলিস্তিনি গাজায় প্রবেশের অনুমতি পেতে এবং তাদের কাজ শুরু করার জন্য সীমান্তের মিশরীয় দিকে পৌঁছেছেন। নাম প্রকাশ না করা শর্তে এক ফিলিস্তিনি কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
ইসরায়েল এর আগে জানিয়েছিল যে, গাজায় আটক শেষ ইসরায়েলি জিম্মি রান গভিলির মৃতদেহ ফেরত না দেওয়া পর্যন্ত ক্রসিংটি পুনরায় চালু করা হবে না। কয়েকদিন আগে তার দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। বুধবার তাকে ইসরায়েলে সমাহিত করার পর পুনরায় রাফাহ ক্রসিং আংশিক খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।
টিটিএন