কেন্দ্রীয় বাজেটকে মিথ্যার ঝুড়ি বলে কটাক্ষ করলেন মমতা

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

চলতি বছরই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। তার আগেই পশ্চিমবঙ্গকে গেরুয়াময় করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি বছরের প্রথম মাসেই দুবার মিটিং করে গেছেন। মোদী এবং অমিত শাহ’র দাবি এবার শুধু সময়ের অপেক্ষা, বাংলায় বিজেপি সরকার হবেই।

এদিকে রোববার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাধারণ বাজেট পেশ করেছেন। এখন প্রশ্ন উঠেছে, পশ্চিমবঙ্গের নির্বাচন এবং মধ্যবিত্ত, নিম্ম মধ্যবিত্তের প্রত্যাশার কথা মাথায় রেখে কি কেন্দ্রীয় বাজেট হয়েছে?

রোববার (১ ফেব্রুয়ারি) সরকারি ছুটির দিন। কিন্তু সেই প্রথা ভেঙে ১ ফেব্রুয়ারি ভারতের সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের সাধারণ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

রোববার নবম বারের জন্য বাজেট পেশের সময়ও নজরে ছিল অর্থমন্ত্রীর শাড়ি। বাজেটে অর্থমন্ত্রী পড়ে এলেন কফি ব্রাউন রঙের পাড় দেওয়া পার্পেল রঙের কাট্টাম কাঞ্জিভরম শাড়ি যেখানে ফুটে উঠেছিল ভারতীয় ঐতিহ্য। সংসদে আসার আগে সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তার হাতে দই-চিনি খেয়ে সংসদের উদ্দেশ্যে রওনা দেন নির্মলা সীতারামন। এরপর ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেন।

এবারের বাজেটে স্বাস্থ্যখাতে বড় ঘোষণা দিয়েছেন ভারতের অর্থমন্ত্রী। এই বাজেটে দাম কমেছে বিদেশে পড়াশোনার খরচ, মাইক্রোওয়েভ ওভেন, চামড়ার জুতা, ব্যাটারি, সোলার প্যানেল, ক্যামেরার সরঞ্জাম, বিমানের যন্ত্রাংশ, বিদেশ ভ্রমণের খরচও।

পাশাপাশি দাম কমেছে ক্যান্সারের ১৭টি ওষুধ এবং ডায়াবেটিসের ওষুধ। যারা মেডিকেল ও উচ্চশিক্ষার কারণে বিদেশে যাবেন, তাদের জন্য টিডিএস ৫ শতাংশ হারে কমানো হয়েছে। দাম বেড়েছে ঘড়ি, তামাকজাত পণ্য, মদসহ বিলাসী পণ্যের।

কেন্দ্রীয় বাজেট পেশের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একে মিথ্যার ঝুড়ি বলে কটাক্ষ করেছেন। এবারের বাজেটে তেমন কোনো চমক নেই বলেও মনে করছেন মমতা।

পশ্চিমবঙ্গেকে বঞ্চনার অভিযোগ তুলে মমতা বলেন, এই বাজেট দিশাহীন, ভিশনলেস, সবার বিরোধী এই বাজেট। মিথ্যার পাহাড় এই বাজেট। শেয়ার বাজারেও বড়সড় পতন হয়েছে। বাংলায় কথা আছে, চোরের মায়ের বড় গলা।

এই বাজেট নিয়ে মমতার অভিযোগ, ওনারা শুধু কথার জাগলারি জানেন, তফশিল, আদিবাসী, যুবা, নারীদের জন্য কিছু নেই। হাম্পটি-ডাম্পটি বাজেট। ওনারা জানেন বাংলায় হারবেন। তাই এসআইআর হচ্ছে।

এবারের বাজেটে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ ডানকুনিতে তৈরি হবে পণ্য পরিবহনের বিশেষ করিডোর। একই করিডোর তৈরি হবে গুজরাটের সুরাটেও। যার মধ্যে একটি হবে শিলিগুড়িতে।

ডিডি/টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।