সুদানে আরএসএফের ড্রোন হামলায় ৮ শিশুসহ নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
সুদানে আরএসএফের ড্রোন হামলায় নিহত ২৪/ ফাইল ছবি: এএফপি

সুদানে বাস্তুচ্যুত পরিবার বহনকারী একটি গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে, যাদের মধ্যে দুইজনই নবজাতক।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সুদান ডক্টরস নেটওয়ার্কের এক বিবৃতিতে বলা হয়, উত্তর কোরদোফান প্রদেশের রাহাদ শহরের কাছে এই হামলা হয়েছে। গাড়িতে থাকা যাত্রীরা ডুবেইকার এলাকায় চলমান সংঘর্ষ থেকে পালিয়ে যাচ্ছিলেন।

এর আগে, গত শুক্রবার উত্তর কোরদোফানে ত্রাণবাহী বহর ও জ্বালানি ট্যাংকার লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়। সেসব হামলায় অন্তত একজন নিহত এবং কয়েকজন আহত হন। এসব হামলার নিন্দা জানিয়ে উত্তর কোরদোফান রাজ্য সরকার জানিয়েছে, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-সংশ্লিষ্ট একটি বহরও লক্ষ্যবস্তু হয়েছিল। তারা আরএসএফের নেতৃত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন>>
সুদানের মাটিতে গণহত্যার চিহ্ন, আকাশ থেকে দেখা যায় রক্তের দাগ
সুদানে ‘গণহত্যা’র তথ্য লুকাতে মরদেহ পুড়িয়ে ফেলছে আরএসএফ
সুদানে পরিবারের সামনেই অসংখ্য শিশু-যুবককে মেরে ফেলেছে আরএসএফ

এই হামলাগুলো ঘটে এল-ওবেইদ ও পার্শ্ববর্তী হোয়াইট নাইল রাজ্যের কোস্তি শহরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ সড়কে।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানায়, ভোরে প্রথম হামলায় রাহাদ এলাকায় তিনটি ট্রাকে আঘাত করা হয়। পরে এস সামিহের কাছে আল্লাহ কারিম এলাকায় দ্বিতীয় হামলায় আরও চারটি যান ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকও ছিল। উম রাওয়াবায় একটি পরিবহন ট্রাক ও একটি জ্বালানি ট্যাংকারে তিনটি ড্রোন হামলা চালানো হয়, এতে বেসামরিক হতাহতের ঘটনা ঘটে।

সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায়, এল-ওবেইদের বাস্তুচ্যুত জনগোষ্ঠীর কাছে সহায়তা পৌঁছে দেওয়ার সময় বহরটি হামলার শিকার হয়। সংস্থাটি একে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।

যুক্তরাষ্ট্রও এই হামলার নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের আরব ও আফ্রিকা বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মাসাদ বুলুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, দুর্ভিক্ষপীড়িত মানুষের জন্য খাদ্য বহনকারী ডব্লিউএফপি বহরে ড্রোন হামলা ‘ঘৃণ্য’। তিনি বলেন, মানবিক সহায়তা ধ্বংস ও ত্রাণকর্মীদের হত্যা অমার্জনীয় এবং এর জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।

২০২৩ সালে শুরু হওয়া সুদানের সেনাবাহিনী ও আরএসএফের সংঘাত তৃতীয় বছরে পা দিতে যাচ্ছে। এই যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত, প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত এবং বহু অঞ্চল দুর্ভিক্ষ পরিস্থিতিতে পড়েছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, বর্তমানে দুই কোটির বেশি সুদানিজ তীব্র খাদ্য সংকটে ভুগছেন এবং দেশের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। সংঘাত থেকে বাঁচতে বহু মানুষ প্রতিবেশী চাদে আশ্রয় নিয়েছেন।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।