নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে জাপানের ক্ষমতাসীন দল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
জাপানে ভোট/ছবি: এএফপি

জাপানের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে দেশটির ক্ষমতাসীন দল। বিভিন্ন গণমাধ্যমের জরিপে এ তথ্য উঠে এসেছে। এসব জরিপ বলছে, রোববারের (৮ ফেব্রুয়ারি) এই আগাম নির্বাচনে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন রক্ষণশীল জোট বড় ধরনের জয় পেতে যাচ্ছে। খবর এএফপির।

জাতীয় সম্প্রচারক এনএইচকে জরিপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জানিয়েছে যে, তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৪৬৫ সদস্যের নিম্নকক্ষের মধ্যে ২৭৪ থেকে ৩২৮ আসনে জয়ের সম্ভাবনা রয়েছে।

এনএইচকে জানিয়েছে, ক্ষমতাসীন দল তাদের জোটের অংশীদার জাপান ইনোভেশন পার্টি (জেআইপি) সহ ৩০২ থেকে ৩৬৬ আসন জয়ের সম্ভাবনা রয়েছে।

৩১০ বা তার বেশি আসনে জয়ী হলে তাকাইচির পরামর্শদাতা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের অধীনে ২০১৭ সালের নির্বাচনের পর প্রথমবারের মতো এই দল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে।

ভোটের মাধ্যমে নতুন ম্যান্ডেট নিয়ে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি ও কঠোর অভিবাসন নীতিসহ উচ্চাকাঙ্ক্ষী কর্মসূচি বাস্তবায়ন করতে চান তাকাইচি।

৬৪ বছর বয়সী তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। গত অক্টোবরে এলডিপির নেতা নির্বাচিত হওয়ার পর তিনি জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। ‘কাজ, কাজ, কাজ’—এই স্লোগানে প্রচার চালানো এই অতিরক্ষণশীল নেত্রীর দৃঢ় রাজনৈতিক ভঙ্গি তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এলডিপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে পদত্যাগ করবেন।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।