বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই! হারলেই আজীবন করতে হবে ঘরের কাজ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৯ মে ২০২৬
চীনের পেশাদার রেসলার হে ইনশেং ও তার স্ত্রীর ব্যতিক্রমধর্মী রেসলিং ম্যাচ/ ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট

চীনের এক নবদম্পতি নিজেদের বিয়েকে স্মরণীয় করে রাখতে আয়োজন করলেন ভিন্নধর্মী এক কুস্তি প্রতিযোগিতার। সেখানে বর-কনে দুই পক্ষের মধ্যে হয় রীতিমতো ‘রেসলিং ম্যাচ’। আর মজার বিষয় হলো- যে পক্ষ হারবে, তাকেই আজীবন করতে হবে ঘরের কাজ।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝো প্রদেশের জুনই শহরে চলতি মাসের শুরুতে এই ব্যতিক্রমী বিয়ের আয়োজন করেন পেশাদার রেসলার হে ইনশেং ও তার স্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

জানা যায়, সাধারণ বিয়ের মঞ্চের বদলে হোটেলের ভেতরে তৈরি করা হয় পূর্ণাঙ্গ একটি রেসলিং রিং। বড় স্ক্রিনে ভেসে ওঠে নাটকীয় পোস্টার-‘গ্রুম ভার্সেস ব্রাইড’। এরপর বর ও কনে নিজেদের দল নিয়ে প্রবেশ করেন প্রতিযোগিতায়।

প্রতিযোগিতাটি ছিল ‘বেস্ট অব থ্রি’ ফরম্যাটে। পুরো আয়োজনটি ছিল বিনোদনধর্মী ও পূর্বপরিকল্পিত, কারণ পেশাদার রেসলিং মূলত কোরিওগ্রাফ করা পারফরম্যান্সভিত্তিক লড়াই।

তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে ম্যাচের শর্ত। নবদম্পতি ঘোষণা দেন, যে দল হেরে যাবে, তাদেরই ভবিষ্যতে সংসারের ঘরের কাজের দায়িত্ব বেশি নিতে হবে। বিষয়টি অতিথিদের মধ্যেও হাস্যরসের জন্ম দেয়।

চীনে সাম্প্রতিক সময়ে তরুণদের মধ্যে বিয়েতে ভিন্নধর্মী আয়োজনের প্রবণতা বাড়ছে। কেউ ঐতিহ্যবাহী আনুষ্ঠানিকতার বদলে থিমভিত্তিক অনুষ্ঠান করছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার মতো অভিনব ধারণা বেছে নিচ্ছেন। এই দম্পতির রেসলিং-থিমের বিয়েও সেই প্রবণতার নতুন উদাহরণ বলে মনে হচ্ছে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।