অবৈধ সম্পদ অর্জন: বেবিচক কর্মকর্তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৯ মে ২০২৬
মহানগর দায়রা জজ কোর্ট, ঢাকা

জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলার তদন্তে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মকর্তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মো. মাহাবুব মোর্শেদ এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, মামলার আসামি সালমা ও তার স্বামী এটিএম বিভাগের কার্টোগ্রাফার মো. আব্দুল সোবহান। তাদের বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত ৪৬ লাখ ৫০ হাজার ৩৮৭ টাকা ২ পয়সা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া ১৯ লাখ ৩২ হাজার ৬৪ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনেরও অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্তের স্বার্থে আসামি মিসেস সালমার নামে পরিচালিত কর অঞ্চল-৮ এর সার্কেল-৭৮ এবং কর অঞ্চল-৯ এর সার্কেল-১৮১ এর আয়কর নথি জব্দের অনুমতি চাওয়া হয়। আবেদনে উল্লেখ করা হয়, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী আদালতের আদেশ ছাড়া এসব নথি সংগ্রহের সুযোগ নেই।

আদালত দুদকের আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট আয়কর নথি জব্দের নির্দেশ দেন।
 
এমডিএএ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।