সুদানের নীল নদে ফেরি ডুবে নারী-শিশুসহ নিহত ২১, নিখোঁজ অন্তত ১২
উত্তর সুদানের নাইল রাজ্যের নীল নদে একটি যাত্রীবাহী ফেরি ডুবে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১২ জন নিখোঁজ রয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাইবা আল-খাওয়াদ ও ডেইম আল-কারাই গ্রামের মধ্যে যাত্রা করার সময় ফেরিটি ডুবে যায়। সুদানের সিভিল ডিফেন্স বিভাগ এসব তথ্য জানিয়েছে।
সুদানের সার্বভৌমতা কাউন্সিল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডুবে যাওয়া ফেরিটিতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল। এ দুর্ঘটনায় মৃত্যু হওয়া ২১ জনের মধ্যে মহিলা, বৃদ্ধা এবং শিশুরাও রয়েছেন।
সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পুলিশ মেজর জেনারেল কুরাশি হুসেইন জানিয়েছেন, দুর্ঘটনার পর ছয় বা সাতজনকে উদ্ধার করা হয়েছে। এখনও প্রায় ১২ জন নিখোঁজ থাকায় তাদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।
তিনি আরও জানিয়েছেন, খার্তুম থেকে উদ্ধার কাজে সহায়তার জন্য একটি দক্ষ দল পাঠানো হয়েছে এবং নাইল নদী রাজ্যের সমস্ত সিভিল ডিফেন্স দলকে উদ্ধার অভিযানে নিয়োজিত করা হয়েছে।
সুদান ডাক্তার নেটওয়ার্ক এক পোস্টে উল্লেখ করেছে, এই দুর্ঘটনা দেশের নদী পরিবহনের দুর্বলতা এবং মৌলিক নিরাপত্তা ব্যবস্থা না থাকার প্রমাণ স্পষ্ট হয়েছে।
উত্তর সুদানের নদীতে ফেরি ডুবে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১৮ সালে নীল নদে ফেরি ডুবে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছিল যার মধ্যে বেশিরভাগ শিশু ছিলেন। ওই ঘটনায় নিহত হওয়া শিশুদের ফেরিতে করে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছিল।
সূত্র: আল-জাজিরা
কেএম