চেতনার প্রভাতফেরি
দেওয়ান মাসুদ রহমান
বাংলা ভাষা আমার স্মৃতিতে, যুদ্ধরক্তে অনুরিত চোখ,
শৈশব মাঠ, নাম তার উনিশশো বায়ান্ন।
বাংলা ভাষা আমার এলাকায় শহীদের দোকান,
তুমুল আড্ডায় চায়ের কাপে চুমুক, আলাপ ভাব,
উচ্চারিত অনূভুতি।
বাংলা ভাষা আমার রৌদ্রময় দিনের উঠোন,
শিউলি ফুলের বিকিরণে ঝরা দরখাস্ত
দিঘির জলে ঝলমলে রোদ সকাল—
বাংলা ভাষা আমার, বারান্দায় থাইয়ের গ্লাসে
কাঠঠোকরার আয়না, ঠকঠক শব্দ।
বাংলা ভাষা আমার কানামাছি বৌচি—
বাউলের বীণায় গৈরিক পথে হেঁটে চলা,
সারল্য জীবনের মেঠো দিন।
বাংলা ভাষা আমার নদীর নর্তক ঢেউ
ভেসে ভেসে দূরে যাওয়া আকাশ বন্ধন,
গাঙচিলের ডানাঠোট।
বাংলা ভাষা আমার স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ,
অ-আ-ক-খ মায়ের আঁচলে মোড়ানো
শব্দশিক্ষা উচ্চারণ।
বাংলা ভাষা আমার কাকের কা-কা উচ্চারিত বাদ্যযন্ত্র
শীতল সন্ধ্যায় কাকের ক্লান্ত ডানা,
দেবদারু পাতায় সন্ধ্যার আগমন অন্ধকার।
বাংলা ভাষা আমার অলস বসে গাঁয়ের পুকুর দেখা,
মৃদু হাওয়ায় হেঁটে যাওয়া মায়ের কলসভর্তি কাখ।
বাংলা ভাষা আমার কত রূপকথা গল্প
দাদা, দিদিমনি, নানা, নানুমনি, খালামনি
ফুফুমনি, শীতের শিশির ঝরা গভীর রাত
পোকাদের শব্দ, ঝোঁপঝাড় থেকে ভেসে আসা
শেয়ালের হাক, কুরপাল পাখির নৈঃশব্দ রাত।
বাংলা ভাষা আমার কত স্মৃতি—
কত জলছবি! কত ছলছবি!
বাংলা ভাষা আমার সালাম, বরকত, শফিউর, রফিক, জব্বার।
বাংলা আমার ভাষাযোদ্ধাদের চেতনায় প্রভাতফেরি।
এসইউ