বিশ্বাসযোগ্য ও শক্তিশালী এআই গড়ার আহ্বান বৈশ্বিক সম্মেলনে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্র ও চীনসহ কয়েক ডজন দেশ শনিবার এক বৈশ্বিক সম্মেলনের ঘোষণাপত্রে নিরাপদ, বিশ্বাসযোগ্য ও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গড়ে তোলার আহ্বান জানিয়েছে। তবে সমালোচকদের মতে, জনসাধারণকে সুরক্ষিত রাখতে ঘোষণাটি অতিরিক্ত সাধারণ ও অস্পষ্ট।

মোট ৮৬টি দেশ এ ঘোষণাপত্রে সই করেছে। তবে দ্রুত বিকাশমান এই প্রযুক্তি নিয়ন্ত্রণে কোনো সুনির্দিষ্ট বাধ্যতামূলক প্রতিশ্রুতি এতে নেই; বরং কয়েকটি স্বেচ্ছাসেবী ও বাধ্যতামূলক নয়—এমন উদ্যোগের কথাই তুলে ধরা হয়েছে।

পাঁচ দিনব্যাপী এআই সম্মেলন শেষে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, এআইয়ের সম্ভাবনা তখনই পুরোপুরি বাস্তবায়িত হবে, যখন এর সুফল মানবজাতির মধ্যে ভাগাভাগি করা হবে।

বিবৃতিতে জেনারেটিভ এআইয়ের আবির্ভাবকে প্রযুক্তিগত বিবর্তনের গতিপথে একটি গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, নিরাপদ, বিশ্বাসযোগ্য ও শক্তিশালী এআই উন্নয়নই আস্থা গড়ে তোলা এবং সামাজিক ও অর্থনৈতিক সুফল সর্বোচ্চ করার ভিত্তি।”

এই সম্মেলনে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদেরসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। এটি ছিল এআইয়ের সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে চতুর্থ বার্ষিক বৈশ্বিক বৈঠক এবং প্রথমবারের মতো কোনো উন্নয়নশীল দেশে আয়োজন করা হয়।

আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে ছিল—ওষুধ আবিষ্কার ও ভাষান্তর প্রযুক্তির মতো এআইয়ের সম্ভাব্য সামাজিক সুফল, পাশাপাশি কর্মসংস্থান হ্রাস, অনলাইন অপব্যবহার এবং ডেটা সেন্টারের উচ্চ বিদ্যুৎ খরচের মতো ঝুঁকি।

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।