রমজানের শুরুতেই প্রায় ১৫০০ বন্দিকে মুক্তি দিচ্ছে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
রমজানের শুরুতেই প্রায় ১৫০০ বন্দিকে মুক্তি দিচ্ছে আমিরাত/ছবি: এএফপি

রমজান শুরু হওয়ার সাথে সাথেই সংযুক্ত আরব আমিরাত প্রায় দেড় হাজার বন্দির ক্ষমা ঘোষণা করেছে। রমজানে উদারতা প্রকাশ এবং বন্দিরা যেন নির্বিঘ্নে নিজ পরিবারের সদস্যদের সঙ্গে এই মাসের পবিত্রতা অর্জন করতে পারেন সেসব বিষয়ে মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বন্দিরা যে কেবল জীবনে দ্বিতীয় বারের মতো সুযোগ পাচ্ছেন তা নয় বরং তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন সেই ব্যবস্থাও করা হচ্ছে। আমিরাতের শাসকরা বলছেন, তারা বন্দিদের আর্থিক জরিমানা বহন করবেন যেন তারা প্রিয়জনদের সঙ্গে নিশ্চিন্তে রমজান পালনের সুযোগ পান।

আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান চলতি বছর রমজানের শুরুতেই এক হাজার ৪৪০ জন বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল এক হাজার ২৯৫।

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাইয়ের সংশোধনাগার এবং শাস্তিমূলক প্রতিষ্ঠানের এক হাজার ৮৫৬ জন বন্দিকে ক্ষমা করেছেন।

এরই মধ্যে সুপ্রিম কাউন্সিলের সদস্য এবং শারজাহ’র শাসক শেখ ডক্টর সুলতান বিন মুহাম্মদ আল কাসিমি ২০২৬ সালের রমজানের প্রথম দিনে শারজাহ থেকে ৪০৭ জন বন্দিকে মুক্তি দিয়েছেন।

সুপ্রিম কাউন্সিলের সদস্য এবং আজমানের শাসক শেখ হুমাইদ বিন রশিদ আল নুআইমি আজমান পুলিশ জেনারেল কমান্ডের সংশোধনাগার থেকে ১৩৪ জন বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে সুপ্রিম কাউন্সিলের সদস্য এবং রাস আল খাইমার শাসক শেখ সৌদ বিন সাকর আল কাসিমি আমিরাতের ৪০৭ জন বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। রাস আল খাইমার ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন সাকর আল কাসিমি এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করার নির্দেশ দিয়েছেন।

সুপ্রিম কাউন্সিলের সদস্য এবং ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি এই অনুষ্ঠানে ১২৫ জন বন্দিকে ক্ষমা করেছেন। জাতীয়তা এবং ভালো আচার-আচরণের ভিত্তিতে বন্দিদের তালিকা তৈরি করা হয়েছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।