মসজিদে নববীর নতুন ইমাম শেখ সালেহ আল-মাগামসি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
মসজিদে নববীর ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সালেহ আল-মাগামসি/ এক্স (সাবেক টুইটার) থেকে সংগৃহীত ছবি

পবিত্র মসজিদে নববী’র নতুন ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সালেহ বিন আওয়াদ আল-মাগামসি। সৌদি আরবে জারি হওয়া এক রাজকীয় আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শেখ আল-মাগামসি একজন সুপরিচিত সৌদি আলেম, যিনি ইসলামের সঙ্গে সমসাময়িক দৃষ্টিভঙ্গি ও শিক্ষা, খুতবা ও ধর্মীয় বক্তৃতার জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে তিনি মদিনার কুবা মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি তায়েবা বিশ্ববিদ্যালয়ের ইমাম ও খতিবদের জন্য উচ্চতর ইনস্টিটিউটে বক্তা হিসেবে কাজ করেছেন ও কোরআনের অর্থবোধ নিয়ে গবেষণা করে যে আল-বায়ান কেন্দ্র, তার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন শিক্ষামূলক ও প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন এবং বিনয় ও প্রজ্ঞার জন্য ব্যাপকভাবে সমাদৃত।

১৯৬৩ সালে মদিনার পশ্চিমে বদর গভর্নরেটের ওয়াদি আল-সাফরা গ্রামে জন্মগ্রহণ করেন আল-মাগামসি। পরে তিনি মদিনায় চলে আসেন ও আলেম পরিবারের পরিবেশে বড় হন। শিক্ষাজীবনে তিনি কোরআনের তাফসিরে বিশেষজ্ঞতা অর্জন করেন।

মদিনায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি কিং আব্দুলআজিজ বিশ্ববিদ্যালয়ের মদিনা শাখা থেকে আরবি ভাষা ও ইসলামি শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি উচ্চতর ডিগ্রির জন্য পড়াশোনা চালিয়ে যান।

আল-মাগামসির পেশাগত জীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে। এরপর তিনি শিক্ষা পর্যবেক্ষণ ও একাডেমিক প্রশিক্ষণের দায়িত্বে যুক্ত হন। পরে তিনি তায়েবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কলেজের (বর্তমানে শিক্ষা অনুষদ) শিক্ষক হিসেবে যোগ দেন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মদিনার কুবা মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন।

কোরআন ব্যাখ্যা ও ইসলামি জ্ঞানচর্চা বিষয়ে তিনি বহু বক্তৃতা ও ক্লাস নিয়েছেন। এছাড়া তার তৈরি অসংখ্য রেকর্ডেড ধর্মীয় আলোচনা ও গবেষণামূলক ধারাবাহিক বিশ্বজুড়ে ব্যাপকভাবে পরিচিত।

সূত্র: সৌদি গেজেট

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।