কাজের ভিসা দেওয়া ১৯ শতাংশ কমিয়েছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
লন্ডন টাওয়ার ব্রিজ। ছবি: এএফপি (ফাইল)

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এক বছরে কাজের ভিসা দেওয়া আগের বছরের তুলনায় ১৯ শতাংশ কমিয়েছে যুক্তরাজ্য। সরকারি প্রকাশিত তথ্যে এ তথ্য জানা গেছে। কঠোর ভিসা নীতির প্রভাবেই এই হ্রাস ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সরকারি হিসাবে, ২০২৫ সালে মোট ১ লাখ ৬৮ হাজার কর্মভিসা দেওয়া হয়েছে। যা ২০২৪ সালের তুলনায় ১৯ শতাংশ এবং ২০২৩ সালের তুলনায় ৫০ শতাংশ কম।

তাছাড়া স্বাস্থ্য ও কেয়ার খাতে ভিসা ইস্যুর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। এছাড়া অন্যান্য দক্ষ কর্মী ভিসা ৩৬ শতাংশ কমেছে।

এর আগে প্রকাশিত তথ্যেও দীর্ঘমেয়াদি নেট অভিবাসন উল্লেখযোগ্যভাবে কমার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। জুন পর্যন্ত এক বছরে যুক্তরাজ্যে দীর্ঘমেয়াদি নেট অভিবাসন দুই-তৃতীয়াংশের বেশি কমেছে।

অভিবাসন নিয়ন্ত্রণে কড়াকড়ির পক্ষে অবস্থান নেওয়া নাইজেল ফারেজ-এর নেতৃত্বাধীন রিফর্ম ইউকে দল জনমত জরিপে এগিয়ে রয়েছে। এতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর ওপর বিষয়টি নিয়ন্ত্রণে রাখার চাপ বাড়ছে।

সরকার একদিকে বৈধ অভিবাসন কমাতে ভিসা নীতি কঠোর করছে, অন্যদিকে ছোট নৌকায় করে অবৈধভাবে আসা অভিবাসীদের ঠেকাতে ও দেশে পৌঁছানো ব্যক্তিদের ফেরত পাঠাতে পদক্ষেপ নিচ্ছে।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে অবৈধ পথে ৪৬ হাজার ৪৯৭ জনের আগমন শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় ৭ শতাংশ বেশি। এর মধ্যে ৮৯ শতাংশই ছোট নৌকায় করে এসেছে।

একই সময়ে আশ্রয়ের আবেদন করেছেন ১ লাখ ৬২৫ জন, যা আগের বছরের তুলনায় ৪ শতাংশ কম।

বিশ্লেষকদের মতে, ভিসা ইস্যু কমলেও অবৈধ অভিবাসনের চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে, যা যুক্তরাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।