সাকিব প্রসঙ্গে পাইলট

‘আমাদের দেশে প্রচুর ভুয়া মামলা হয়’

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

২০২৪ সালের পর থেকে জাতীয় দলের জার্সি গায়ে আর দেখা যায়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। কেবল মাঠের অনুপস্থিতিই নয়, আইনি জটিলতা ও রাজনৈতিক বাস্তবতায় দীর্ঘ সময় ধরে দেশেও ফিরতে পারেননি এই তারকা ক্রিকেটার। তবে নতুন করে আবারও আলোচনায় সাকিবের দেশে ফেরা এবং তার বিরুদ্ধে হওয়া মামলার প্রসঙ্গ।

বৃহস্পতিবার সাকিবের বর্তমান পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। সাকিবের প্রতি নিজের মুগ্ধতা ও চলমান সংকট নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। সাকিবের রাজনৈতিক সম্পৃক্ততাকে একটি সাময়িক ‘ভুল’ হিসেবে দেখছেন পাইলট। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সাকিবের বড় ভক্ত। আমি সবসময় মনে করি মানুষ মাত্রই ভুল। সে হয়তো খেলা অবস্থায় কোনো একটা দলের সঙ্গে জড়িত হয়েছিল, হয়তো সে ছয় মাসের জন্য একটা ভুল করেছিল।’

তবে একজন জাতীয় দলের ক্রিকেটারের জন্য নিরপেক্ষতার গুরুত্ব তুলে ধরে তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি যেকোনো খেলোয়াড়েরই যখন সে জাতীয় দলে খেলবে, তার কোনো রাজনীতির সঙ্গে জড়িত থাকা উচিত না। জাতীয় দলের প্রতি সমস্ত মানুষের আবেগ থাকে। যখনই আপনি কোনো একটা দলের সঙ্গে জড়াবেন, তখন সেই আবেগ ভাগাভাগি হয়ে যায়।’

সাকিবের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এই সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তার মতে, সাকিবের মতো একজন আন্তর্জাতিক অ্যাথলেটের বিরুদ্ধে এমন অভিযোগ অবান্তর। পাইলট বলেন, ‘মামলার ব্যাপারে আমি যতদূর জানি তাকে একটা মার্ডার মামলায় আসামি করা হয়েছে। আমাদের দেশে প্রচুর ভুয়া মামলা হয়। একজন রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো একজন খেলোয়াড় বিদেশ থেকে মারবে, এটা আমার কাছে সন্দিহান মনে হয়।’

সাকিবের ক্রিকেটে ফেরা নিশ্চিত করতে মামলার বিষয়টি সুরাহা হওয়া প্রয়োজন বলে মনে করেন পাইলট। অভিযোগের সত্যতা যাচাইয়ে সরকারের জোরালো ভূমিকা প্রত্যাশা করে তিনি বলেন, ‘সরকারের দায়িত্ব হওয়া উচিত এই মামলার একটি সঠিক সমাধান করা। কোনো ব্যক্তি কিসের ভিত্তিতে সাকিবের বিরুদ্ধে মামলা করেছিলেন, তার তদন্ত হওয়া দরকার। আমি মনে করি যে ব্যক্তি এই মামলা করেছে, সে ভুল করেছে।’

এসকেডি/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।