ইসরায়েলে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় ২১ সেনা সদস্যসহ আহত ৩৭
দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন স্থানে একই দিনে পৃথক তিনটি বাস দুর্ঘটনায় মোট ৩৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর সদস্যরাও রয়েছেন।
ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেছে।
আইডিএফ জানায়, মিৎসপে রামন ও শদেমার মাঝামাঝি রামাত এলিয়েজার স্মৃতিস্তম্ভের কাছে হাইওয়ে ৪০-এ সেনাদের ঘাঁটিতে নিয়ে যাওয়ার পথে একটি বাস উল্টে যায়। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত এক আইডিএফ চিকিৎসক দ্য জেরুজালেম পোস্টকে বলেন, বাসটির সামনের একটি টায়ার বিস্ফোরিত হয়েছিল।
এমডিএ আরও জানায়, এ ঘটনায় ২১ জন সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা মাঝারি গুরুতর এবং তাদের বিয়ারশেভার সোরোকা মেডিকেল সেন্টারে এয়ারলিফট করে নেওয়া হয়েছে। বাকি ১৯ জন হালকা আহত হয়েছেন এবং তাদেরও একই হাসপাতালে নেওয়া হচ্ছে।
দুর্ঘটনার কারণে হাইওয়ে উভয় দিকেই বন্ধ করে দিয়েছে ইসরায়েল পুলিশ। চালকদের বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে আরেক পৃথক ঘটনায়, দক্ষিণ ইসরায়েলের নেভাতিম জংশনের কাছে হাইওয়ে ২৫-এ একটি বাস ও ব্যক্তিগত গাড়ির সংঘর্ষে ১১ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন আইডিএফ সদস্যও রয়েছেন।
ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ কর্তৃপক্ষের তথ্য মতে, বিয়ারশেভা থেকে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতর আটকে পড়া একজনকে উদ্ধার করেছেন।
আহতদের মধ্যে ২৯ বছর বয়সি এক নারীর অবস্থা মাঝারি গুরুতর এবং বাকি ১০ জন হালকা আহত হয়েছেন। সবাইকে সোরোকা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
তৃতীয় দুর্ঘটনাটি মোশাভ রুহামার কাছে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটেছে। এতে আরও পাঁচজন আহত হয়েছেন। এমডিএ জানায়, তাদের মধ্যে ২৪ বছর বয়সি একজনের অবস্থা মাঝারি গুরুতর এবং বাকি চারজন হালকা আহত।
আহতদের সোরোকা মেডিকেল সেন্টার এবং আশকেলনের বারজিলাই মেডিকেল সেন্টারে নেওয়া হচ্ছে।
কেএম