ভেনেজুয়েলার সঙ্গে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২০ এএম, ০৬ মার্চ ২০২৬
ছবি: জাগো নিউজ

দীর্ঘদিনের উত্তেজনা ও বৈরী সম্পর্কের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকার পুনরায় কূটনৈতিক ও কনস্যুলার সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো দক্ষিণ আমেরিকার এই দেশটিতে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত করা।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই পদক্ষেপ আমাদের যৌথ প্রচেষ্টাকে আরও বেগবান করবে, যা ভেনেজুয়েলার স্থিতিশীলতা রক্ষা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং রাজনৈতিক পুনর্মিলনে সহায়ক হবে।

গত জানুয়ারি মাসের শুরুতে এক নাটকীয় অভিযানে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন বাহিনীর হাতে বন্দি হন। এই ঘটনার পর দেশটিতে ব্যাপক পরিবর্তন আসে এবং অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ডেলসি রদ্রিগেজ।

মাদুরোর পতনের পর থেকেই রদ্রিগেজ সরকার ওয়াশিংটনের সাথে সম্পর্ক উন্নয়নের আগ্রহ প্রকাশ করে আসছিল। তারই ধারাবাহিকতায় উভয় দেশে পুনরায় কূটনৈতিক মিশন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভেনেজুয়েলার বর্তমান সরকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, তারা পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌম সমতা এবং সহযোগিতার ভিত্তিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে চায়। এক বিবৃতিতে তারা জানায়, ভেনেজুয়েলা বিশ্বাস করে যে, এই প্রক্রিয়াটি দুই দেশের মধ্যে বোঝাপড়াকে শক্তিশালী করবে এবং একটি ইতিবাচক ও পারস্পরিক লাভজনক সম্পর্কের সুযোগ তৈরি করবে।

মার্কিন প্রশাসন স্পষ্ট করেছে যে, তাদের মূল লক্ষ্য হলো ভেনেজুয়েলার জনগণকে একটি পর্যায়ক্রমিক প্রক্রিয়ার মাধ্যমে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের দিকে নিয়ে যাওয়া।

সূত্র: রয়টার্স

কেএম 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।