ইরান যুদ্ধের প্রভাব

বিশ্বে ৪ কোটির বেশি মানুষ নতুন করে তীব্র খাদ্যসংকটে পড়তে পারে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১৭ মার্চ ২০২৬
দুসপ্তাহের বেশি সময় ধরে ইরান যুদ্ধ চলছে/ছবি: এএফপি

ইরানকে ঘিরে যুদ্ধ জুন পর্যন্ত চলতে থাকলে বিশ্বজুড়ে আরও প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশিত সংস্থাটির বিশ্লেষণে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার কারণে গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা সরবরাহের পথগুলো ব্যাহত হয়েছে। ফলে বিশ্বের বিভিন্ন সংকটাপন্ন অঞ্চলে জরুরি খাদ্য সহায়তা পৌঁছাতে দেরি হচ্ছে।

ডব্লিউএফপির উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ জেনেভায় সাংবাদিকদের জানান, খাদ্য, জ্বালানি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় অতিরিক্ত ৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র ক্ষুধার মুখে পড়তে পারে। এতে বিশ্বে মোট ক্ষুধাগ্রস্ত মানুষের সংখ্যা বর্তমান রেকর্ড ৩১ কোটি ৯০ লাখ ছাড়িয়ে যাবে।

তিনি বলেন, এতে বৈশ্বিক ক্ষুধার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, যা অত্যন্ত ভয়াবহ একটি পরিস্থিতি।

তিনি আরও বলেন, এই যুদ্ধের আগেই আমরা এক ধরনের সংকটের মধ্যে ছিলাম, যেখানে ক্ষুধার মাত্রা সংখ্যা ও গভীরতা—দুই দিক থেকেই সর্বোচ্চ অবস্থায় ছিল।

স্কাউ জানান, ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে তাদের পরিবহন ব্যয় প্রায় ১৮ শতাংশ বেড়েছে এবং অনেক ক্ষেত্রে সরবরাহের পথ পরিবর্তন করতে হয়েছে।

তিনি বলেন, এই অতিরিক্ত ব্যয় এমন এক সময়ে যোগ হয়েছে, যখন বিভিন্ন দাতা দেশ প্রতিরক্ষা খাতে বেশি গুরুত্ব দেওয়ায় ডব্লিউএফপির বাজেটে বড় ধরনের কাটছাঁট করা হয়েছে।

সূত্র: রয়টার্স

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।