পশ্চিমবঙ্গে ভোটগণনা শেষ না হতেই সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ
পশ্চিমবঙ্গে এখনো শেষ হয়নি বিধানসভা নির্বাচন ২০২৬-এর গণনাপর্ব। এরই মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জায়গা থেকে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘাতের খবর উঠে আসছে। খবর বিবিসির।
তৃণমূল কংগ্রেসের দুর্গ বলে পরিচিত একাধিক অঞ্চল দখল করতে চলেছে বিজেপি- এমনটাই অভিযোগ করছেন তৃণমূলের নেতাকর্মীরা।
এরই মধ্যে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থীর ওপর আক্রমণের অভিযোগ উঠেছে বিজেপি এজেন্টদের বিরুদ্ধে। এ নিয়ে নির্বাচন কমিশনে রিপোর্ট জমা পড়েছে।
অন্যদিকে কোচবিহার জেলার দিনহাটায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাংচুরের অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে জানিয়েছেন ডিআইজি অঞ্জলি সিং।
এছাড়া বাঁকুড়াতেও কাউন্টিং সেন্টার চত্ত্বরে তৃণমূল ও বিজেপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। দুই দলই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। তবে এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
টিটিএন