বেআইনি অনুপ্রবেশকারীদের ঠাঁই দিয়েছে তৃণমূল কংগ্রেস: মোদী

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ০৬ এপ্রিল ২০২৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী/ ফাইল ছবি: ফেসবুক@মোদী

পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম নির্বাচনি জনসভা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার (৫ এপ্রিল) উত্তরবঙ্গের কোচবিহারের রাসমেলা ময়দানে এই জনসভা অনুষ্ঠিত হয়। সভা থেকে অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন তিনি।

মোদী বলেন, ভোটব্যাংকের রাজনীতির কারণে তৃণমূল কংগ্রেস সরকার বেআইনি অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে। এতে পশ্চিমবঙ্গের ভৌগোলিক জনবিন্যাস পরিবর্তিত হচ্ছে এবং নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তিনি দাবি করেন, ভারত সরকার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করছে এবং বিশ্বের অন্যান্য দেশও একই ধরনের পদক্ষেপ নিচ্ছে।

তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস নিজেদের রাজনৈতিক স্বার্থে অনুপ্রবেশকারীদের জন্য দরজা খুলে দিয়েছে। এর ফলে সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন হচ্ছে এবং জনবিন্যাসে পরিবর্তন ঘটছে।

নরেন্দ্র মোদী বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ ঠেকানো হবে। নির্বাচনের পর এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের রক্ষায় কাজ করছে এবং তাদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত অবস্থানের এলাকা হিসেবে পরিচিত। তাই দলীয় কর্মী-সমর্থকদের মনোবল চাঙ্গা করতে এই অঞ্চলে প্রথম নির্বাচনি জনসভা করেছেন নরেন্দ্র মোদী।

ডিডি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।