হিজবুল্লাহকে বাদ দিয়ে লেবাননের সঙ্গে শান্তি আলোচনায় আগ্রহী ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১১ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল/ছবি: এএফপি

আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবাননের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল। কিন্তু এই আলোচনায় হিজবুল্লাহকে অন্তর্ভুক্ত করা হবে না বলে শুক্রবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল লেটার।

তিনি বলেছেন, হিজবুল্লাহ ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে এবং এই সংগঠনটি দুই দেশের মধ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা।

প্রতিবেদন অনুসারে, বৈরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে।

লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতি অনুসারে, মার্কিন মধ্যস্থতায় মঙ্গলবার ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান উত্তেজনা এবং একটি সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করা হবে।

এই আলোচনায় যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে। যুদ্ধবিরতি ঘোষণা এবং সরাসরি আলোচনা শুরুর তারিখ নির্ধারণের জন্য দুই দেশ মার্কিন পররাষ্ট্র দপ্তরে বৈঠকে বসবে।

বিবৃতি অনুসারে, ওই আলোচনা আয়োজনের লক্ষ্যে শুক্রবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলি রাষ্ট্রদূতদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও অংশ নেন।

এদিকে, বৈরুতে হামলাস্থল পরিদর্শন করে লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ হাজ্জার বলেছেন, যুদ্ধবিরতি লেবাননের একটি মৌলিক দাবি। আমাদের দেশের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য যা কিছুই করা লাগে আমরা প্রস্তুত। তিনি আরও বলেন, আমরা কূটনৈতিক পথ নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছি।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।