মুম্বাই

খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২৭ এপ্রিল ২০২৬

ভারতের মুম্বাইয়ে পাইধোনি এলাকায় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সোমবার পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন ৪০ বছর বয়সী স্বামী, ৩৫ বছর বয়সী স্ত্রী এবং তাদের দুই কন্যা (১৬ ও ১৩ বছর)।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ এপ্রিল রাতে আত্মীয়সহ মোট নয়জন সদস্য একসঙ্গে রাতের খাবার খান। পরে আত্মীয়রা নিজ নিজ বাড়িতে ফিরে যান। রাতের পরবর্তী সময়ে, আনুমানিক ১টার দিকে পরিবারের চার সদস্য তরমুজ খেয়েছিলেন বলে জানা যায়।

এর কয়েক ঘণ্টা পর, ভোর ৫:৩০ থেকে ৬টার মধ্যে তারা সবাই বমি ও পাতলা পায়খানার মতো গুরুতর উপসর্গে আক্রান্ত হন। প্রথমে পারিবারিক চিকিৎসকের কাছে নেওয়া হলেও পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় প্রথমে ছোট মেয়ে, পরে বাবা এবং পরবর্তীতে মা ও বড় মেয়ের মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্র জানায়। মৃতদের পরিচয় হিসেবে পুলিশ নিশ্চিত করেছে—আবদুল্লাহ দোখাদিয়া (৪০), নাসরিন দোখাদিয়া (৩৫), এবং তাদের দুই মেয়ে আয়েশা (১৬) ও জয়নব (১৩)।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পরিবারের সদস্যরা বিরিয়ানি খাওয়ার পর রাতে তরমুজ খেয়েছিলেন। তবে ঠিক কোন খাবার থেকে বিষক্রিয়া ঘটেছে, তা এখনও নিশ্চিত নয়।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, তবে চূড়ান্ত কারণ নির্ধারণে হিস্টোপ্যাথলজি রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া ভারতের আরেকটি ঘটনায় ঝাড়খণ্ডের গিরিডি জেলায় দূষিত ‘গোলগাপ্পা’ ও ‘চাট’ খেয়ে এক শিশুর মৃত্যু এবং ১৮ জনের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষ সাধারণ মানুষকে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।