পশ্চিমা আধিপত্য হ্রাস

মাল্টিপোলার বিশ্বে প্রবৃদ্ধির কেন্দ্রে উঠে এসেছে গ্লোবাল সাউথ: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ২৮ এপ্রিল ২০২৬
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন/ছবি: তাস

পশ্চিমা দেশগুলো তাদের বৈশ্বিক আধিপত্য হারাচ্ছে। এর ফলে নতুন প্রবৃদ্ধির কেন্দ্রে উঠে এসেছে দক্ষিণের রাষ্ট্রগুলো (গ্লোবাল সাউথ)। ‘ওপেন ডায়ালগ’ আন্তর্জাতিক ফোরামের অংশগ্রহণকারী ও অতিথিদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘পূর্বের পদ্ধতি এবং ব্যাবসা ও আন্তর্জাতিক সম্পর্কের প্রতিষ্ঠিত নিয়ম-কানুন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। এর একটি কারণ হলো পশ্চিমা দেশগুলোর পদক্ষেপ যারা তাদের নেতৃত্বের অবস্থান হারাচ্ছে এবং নতুন প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য জায়গা করে দিচ্ছে।’

তার মতে, বর্তমানে বৈশ্বিক উন্নয়নের একটি জটিল কাঠামো গড়ে উঠছে যা বহুমেরুকেন্দ্রিক (মাল্টিপোলার)। এখানে সেই দেশগুলো প্রাধান্য পাচ্ছে যারা জাতীয় সার্বভৌমত্বের গুরুত্ব বোঝে এবং নিজেদের উন্নয়নের পথ স্বাধীনভাবে বেছে নিতে পারে।

পুতিন আরও বলেন, ‘স্পষ্টতই অন্য দেশের ক্ষতি করে কোনো দেশ একা উন্নতি করতে পারে না। আধুনিক বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় যৌথ উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’

পুতিন যুক্তি দিয়ে বলেন, ‘সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে এবং সব দেশের স্বার্থ বিবেচনায় নিয়েই একটি টেকসই ও ন্যায্য বৈশ্বিক উন্নয়ন মডেল গড়ে তোলা সম্ভব।’

সবশেষে তিনি বলেন, ‘বিশ্ব উন্নয়ন ব্যবস্থাকে এমনভাবে পরিচালিত করা জরুরি, যাতে পৃথিবীর যেকোনো স্থানের মানুষ সফল ভবিষ্যতের অধিকার পায়, নিজের পথ বেছে নিতে পারে এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করতে পারে।’

সূত্র: তাস

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।