ইইউ থেকে গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্কারোপ ট্রাম্পের, বিপাকে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০২ মে ২০২৬
ছবি: ইইউ

 

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা গাড়ি ও ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহ থেকে শুল্ক আরোপের এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। ট্রাম্পের এই সিদ্ধান্তে ইরান যুদ্ধের কারণে চাপের মধ্যে বিশ্ব অর্থনীতিতে নতুন ধাক্কা আসতে পারে বলে শনিবার (২ মে) সংবাদ প্রকাশ করেছেন ইউরো নিউজ।

গত বছর জুলাইয়ে ট্রাম্প ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছিলেন। ওই চুক্তিতে ইউরোপের বেশিরভাগ পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছিল। এই চুক্তি টার্নবারি এগ্রিমেন্ট নামে পরিচিত।

তবে ট্রাম্প অভিযোগ করেছেন, ইইউ এই চুক্তি ঠিকভাবে মানছে না। অন্যদিকে ইউরোপীয় কমিশন বলেছে, তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ীই কাজ করছে এবং যুক্তরাষ্ট্রকে নিয়মিতভাবে অবহিত করছে।

জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্য-এর সঙ্গে উত্তেজনা এবং ইরান যুদ্ধ ইস্যুতে মতবিরোধের মধ্যেই এই ঘোষণা এসেছে। ইরান যুদ্ধ স্পেন ও ইতালিকে ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন ট্রাম্প।

ট্রাম্পের শুল্কারোপের সিদ্ধান্তে বিশেষ করে জার্মানি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। এর মূল কারণ ইইউর গাড়ি রপ্তানির বড় অংশই জার্মানি করে থাকে।

এদিকে ইউরোপীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ সদস্য বেনার্ড লেঞ্জ ট্রাম্পের সিদ্ধান্তকে “অবিশ্বস্ততার প্রমাণ” বলে সমালোচনা করেছেন এবং যুক্তরাষ্ট্রের ওপর চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আগে রায় দিয়েছিল যে, ট্রাম্প প্রশাসনের কিছু শুল্ক আরোপের ক্ষমতা আইনগতভাবে সীমিত যা এই চুক্তির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে।

ইইউ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২০২৪ সালে পণ্য ও সেবার মোট বাণিজ্য ছিল প্রায় ১ দশমিক ৭ ট্রিলিয়ন ইউরো যা প্রতিদিন গড়ে ৪.৬ বিলিয়ন ইউরো।

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।