পশ্চিমবঙ্গে দুদিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতি, কৃষকের মাথায় হাত
দুদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির কারণে চাষের জমিতে বৃষ্টির পানি জমে পাকা ধান নষ্ট হচ্ছে। বিরাট ক্ষতির মুখে পড়েছে বোরো ধান চাষিরা। ফলে মাথায় হাত কৃষকদের। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও মেদিনীপুর, নদিয়া জেলায় বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়। দুদিন ধরে বৃষ্টির কারণে ধান চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকরা। কি করবেন কিছুই বুঝে উঠতে না পেরে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তারা।
উত্তর ২৪ পরগনা জেলার মিনাখার বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে ধান চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাকা ধান জমিতে ছিল তার মধ্যে কিছু ধান কেটে রাখা হয়েছিল আর কিছু ধান কাটার মত অবস্থা ছিল। গত বৃহস্পতিবার রাতে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়। চাষের জমিতে পানি জমে ফলে ধান ভিজে নষ্ট হয়ে যায়।
দুই বিঘা জমি লিজে নিয়ে ধান চাষ করেন শিবু দাস। সেই জমি চাষ করে সারা বছর তাদের চলে। কিন্তু এই হঠাৎ বৃষ্টিতে পুরো জমির ধান নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত কৃষক শিবু দাসের।
তিনি জানিয়েছেন, এই দুই বিঘা জমি চাষ করে সারা বছর চলে। বৃষ্টির পানিতে ধান নষ্ট হয়ে গেছে তাই সরকারের কাছে তাদের আবেন যেন সংসার চলে সেই ব্যবস্থা করে দেওয়া হয়।
কৃষক শিবু দাসের স্ত্রী লক্ষ্মী রানী দাস বলেন, আমরা জমি লিজে নিয়ে চাষ করি। যা ক্ষতি আমার হয়ে গেছে তাতে আমি কিভাবে লিজ দেবো চিন্তায় আছি। ভিজে যাওয়া ধান কেটে নিচ্ছি, জানিনা কি হবে। সরকারের কাছে আবেদন রাখব যদি আমাদের সাহায্য করে আমরা উপকৃত হই।
ডিডি/টিটিএন