পশ্চিমবঙ্গে এক ধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লো ৯৯৪ রুপি
পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন শেষ হতেই ফের বাড়লো গ্যাসের দাম। বাণিজ্যিক রান্নার জন্য ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৯৯৪ রুপি বেড়েছে। এর ফলে ১৯ কেজি গ্যাসের সিলিন্ডারের নতুন দাম ধার্য হচ্ছে ৩ হাজার ২০২ রুপি।
কলকাতায় আগে বাণিজ্যিক রান্নার গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম ছিল ২ হাজার ২০৮ রুপি। শনিবার (২ এপ্রিল) থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে।
এনিয়ে পরপর তিনবার বাড়লো গ্যাসের দাম। মার্চ মাসের প্রথমে ১৪৪ রুপি বেড়েছিল। এরপর গত ১ এপ্রিল আরও প্রায় দুশ রুপি দাম বাড়ানো হয়। এবার মে মাসের শুরুতেই এক ধাক্কায় দাম আরও প্রায় এক হাজার রুপি বাড়লো।
হঠাৎ করে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ার ফলে হোটেল, রেস্তোরাঁ এবং ক্যাটারিং ব্যবসায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্যবসায়ীদের একাংশের আশঙ্কা, বাড়তি খরচ সামলাতে শেষ পর্যন্ত খাবারের দাম বাড়াতে হতে পারে। ফলে সাধারণ পরিবারের সদস্যদের খাওয়া কিংবা ফুড ডেলিভারির খরচ আরও বাড়তে পারে।
তবে স্বস্তির খবর গৃহস্থালির রান্নার গ্যাসের দামে আপাতত কোনো পরিবর্তন করা হয়নি। ফলে এই মুহূর্তে সাধারণ মানুষের মাসিক বাজেটে বাড়তি টান পড়ছে না। কিন্তু রেস্তোরাঁয় খাবারের মূল্যবৃদ্ধি হলে পকেটে টান পড়তে পারে সাধারণ মানুষের।
আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং সরবরাহজনিত চাপ অব্যাহত থাকলে ভবিষ্যতে গৃহস্থালির রান্নার গ্যাসের দামও বাড়তে পারে, পাশাপাশি বাড়তে পারে পেট্রোল এবং ডিজেলের দামও।
ডিডি/টিটিএন