মুসলিম ভোট ভাগ হওয়াই কাল হলো মমতার?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৯ পিএম, ০৫ মে ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত কয়েকটি জেলায় মুসলিম ভোট বিভাজনের কারণে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) উল্লেখযোগ্য সুবিধা পেয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুর—এই তিন জেলায় মোট ৪৩টি আসনের মধ্যে বিজেপি এবার ১৮টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে, মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পেয়েছে ২০টি আসন। বাকি আসনগুলো গেছে কংগ্রেস, সিপিএম ও আঞ্চলিক দলগুলোর ঝুলিতে।

বিশেষ করে মুর্শিদাবাদ জেলায়, যেখানে মুসলিম জনসংখ্যা ৭০ শতাংশের বেশি, সেখানে পাঁচটি দলের মধ্যে ভোট ভাগ হয়ে যায়। এর ফলে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কমে দাঁড়ায় ৯-এ, যেখানে ২০২১ সালে দলটি পেয়েছিল ২০টি আসন। এই জেলায় বিজেপি পেয়েছে ৮টি আসন।

বিজেপির নেতা সুভেন্দু অধিকারী দাবি করেছেন, একদিকে হিন্দু ভোটের সংহতি এবং অন্যদিকে মুসলিম ভোটের বিভাজন—এই দুই কারণই দলের সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মালদা ও উত্তর দিনাজপুরেও একই চিত্র দেখা গেছে। মালদার কিছু আসনে কংগ্রেস ও সিপিএম মুসলিম ভোটের একটি অংশ নিজেদের দিকে টানতে সক্ষম হওয়ায় বিজেপি সুবিধা পেয়েছে। উত্তর দিনাজপুরের করণদিঘি আসনেও মুসলিম ভোট বিভক্ত হওয়ায় বিজেপি প্রার্থী জয়ী হন।

বিশ্লেষকদের মতে, এই ফলাফল পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে সংখ্যালঘু ভোটের ঐক্য ভাঙা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে সামনে এসেছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।