হামাস কমান্ডার আল-হাদ্দাদ ও স্ত্রী-কন্যার জানাজায় হাজারও ফিলিস্তিনি
ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডের প্রধান কমান্ডার ইজ আল-দিন আল-হাদ্দাদ নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) ইসরায়েলি ওই বিমান হামলায় হাদ্দাদ-এর স্ত্রী এবং কন্যাও নিহত হয়েছেন বলে শনিবার (১৬ মে) নিশ্চিত করেছে হামাস।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।
ফিলিস্তিনি সূত্রগুলোর মতে, শনিবার আল-হাদ্দাদের জানাজায় শত শত ফিলিস্তিনি অংশ নেন। গাজা সিটির কেন্দ্রস্থলে অবস্থিত আল-আকসা শহিদ মসজিদ থেকে জানাজার শোভাযাত্রা শুরু হয়। অংশগ্রহণকারীরা আল-হাদ্দাদ, তার স্ত্রী ও কন্যার মরদেহ বহন করেন এবং ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

শনিবারের শুরুতে ইসরায়েলি সামরিক বাহিনী ও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত এক যৌথ বিবৃতিতে জানায়, শুক্রবার গাজা সিটিতে চালানো বিমান হামলায় আল-হাদ্দাদ নিহত হয়েছেন।
তাদের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পরিকল্পনাকারীদের একজন ছিলেন আল-হাদ্দাদ।
আলাদা এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক প্রধান ইয়েল জামির বলেন, ২০২৩ সালের হামলায় জড়িত প্রত্যেককে জবাবদিহির আওতায় আনতে সামরিক অভিযান চালিয়ে যাওয়া হবে। তিনি বলেন, তাদের সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা থামব না।
শুক্রবার ফিলিস্তিনি চিকিৎসা সূত্রগুলো জানায়, গাজা সিটিতে একটি আবাসিক ভবন ও একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত এবং আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন।

‘ঘোস্ট অব আল-কাসাম’ নামে পরিচিত আল-হাদ্দাদকে সবচেয়ে বেশি খোঁজ করা ব্যক্তিদের একজন হিসেবে বিবেচনা করত ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি এর আগে কয়েকটি হত্যাচেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন।
কেএম