মোদির পাঁচ দেশ সফর
প্রতিরক্ষা-খনিজসহ একাধিক খাতে ভারত-নেদারল্যান্ডসের ১৭ চুক্তি সই
বদলে যাওয়া বৈশ্বিক ভূরাজনীতির প্রেক্ষাপটে পাঁচ দেশ সফরে বেড়িয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে অংশ হিসেবেই ইউরোপে গেছেন মোদি। তার এই ইউরোপ সফর শুরু হয়েছে নেদারল্যান্ড সফরের মধ্য দিয়ে। এই সফরের মাধ্যমে ভারত-নেদারল্যান্ড সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে। প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজসহ একাধিক খাতে সহযোগিতা বাড়াতে দুই দেশ ১৭টি চুক্তি স্বাক্ষর করেছে।
বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ডাচ প্রধানমন্ত্রী রব জিটেন এর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (১৬ মে) সন্ধ্যার বৈঠকে দুই নেতা পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, এই সংকট শুধু অঞ্চল নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহেও গুরুতর প্রভাব ফেলছে।
যৌথ বিবৃতিতে বলা হয়, তারা হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা এবং বৈশ্বিক বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এ পথে কোনো চাপ সৃষ্টিকারী পদক্ষেপের বিরোধিতা করেছেন।
প্রধানমন্ত্রী মোদী ও জেটেন এ বিষয়ে চলমান আন্তর্জাতিক উদ্যোগের প্রতিও সমর্থন পুনর্ব্যক্ত করেন।
বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। তবে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বড় ধরনের হামলা চালানোর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।
পশ্চিম এশিয়ার সংকট ছাড়াও, দুই নেতা ইউক্রেন পরিস্থিতি এবং রাশিয়ার সঙ্গে চলমান সংঘাত ও আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনা করেন।
যৌথ বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের নীতির ভিত্তিতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে ইউক্রেনে একটি পূর্ণাঙ্গ, ন্যায়সংগত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখবে ভারত ও নেদারল্যান্ডস।
প্রধানমন্ত্রী মোদী শুক্রবার চার দেশের ইউরোপ সফরের অংশ হিসেবে দুদিনের সফরে দ্য হেগে পৌঁছান। এই সফরের লক্ষ্য ছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা।
বৈঠক শেষে ভারত ও নেদারল্যান্ডস বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব রোডম্যাপ ঘোষণা করে।
দুই নেতা গ্রিন হাইড্রোজেন উন্নয়ন বিষয়ে ভারত-নেদারল্যান্ডস রোডম্যাপ চালু করেছেন। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উদ্যোগের মাধ্যমে প্রতিরক্ষা সরঞ্জাম, সিস্টেম, উপাদান ও অন্যান্য সক্ষমতার যৌথ উৎপাদন নিশ্চিত করতে একটি প্রতিরক্ষা শিল্প রোডম্যাপ তৈরির সম্ভাবনাও খতিয়ে দেখতে সম্মত হয়েছেন।
উল্লেখ্য, নেদারল্যান্ডস ইউরোপে ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। ২০২৪-২৫ অর্থবছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৮ বিলিয়ন ডলার। এছাড়া ৫৫ দশমিক ৬ বিলিয়ন ডলারের মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নিয়ে নেদারল্যান্ডস ভারতীয় অর্থনীতিতে চতুর্থ বৃহত্তম বিনিয়োগকারী দেশ।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছে নরেন্দ্র মোদী। শুক্রবার (১৫ মে) অনুষ্ঠিত ওই বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো ও বিনিয়োগ নিয়ে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়।
সংক্ষিপ্ত এই সফরে ভারতের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি ঘোষণা আসে। এর মধ্যে ছিল কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্বের একটি কাঠামোগত চুক্তি, কৌশলগত পেট্রোলিয়াম মজুত নিয়ে সমঝোতা স্মারক (এমওইউ), এলপিজি সরবরাহ চুক্তি এবং ভাদিনারে জাহাজ মেরামত ক্লাস্টার প্রকল্প।
সূত্র:ইউরোনিউজ/দ্য স্টেটসম্যান
কেএম