ইরাক থেকে আসা তিন ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০১ এএম, ১৮ মে ২০২৬
ছবি: এএফপি (ফাইল)

সৌদি আরব জানিয়েছে, ইরাকের আকাশসীমা থেকে প্রবেশ করা তিনটি ড্রোন তারা ভূপাতিত করেছে। রোববার (১৭ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, রোববার সকালে ড্রোনগুলো সৌদি আকাশসীমায় প্রবেশ করে। পরে সেগুলো শনাক্ত করে ধ্বংস করা হয়।

তিনি বলেন, সৌদি আরব উপযুক্ত সময় ও স্থানে জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।

তবে ড্রোনগুলো কারা পাঠিয়েছিল বা সেগুলোর লক্ষ্য কী ছিল—এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা নতুন করে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বেড়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আল জাফরা অঞ্চলে অবস্থিত আল বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎকেন্দ্রের বাইরের একটি জেনারেটরে আগুন ধরে যায়।

রোববার (১৭ মে) আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আবুধাবি মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পৃথক পোস্টে এ তথ্য নিশ্চিত করে। এই ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।