সুনন্দা হত্যাকাণ্ড : অমর সিংকে জিজ্ঞাসাবাদ
কংগ্রেস নেতা ও সাবেক মন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্কর হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের রাষ্ট্রীয় লোক দলের নেতা অমর সিংকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বুধবার দিল্লি পুলিশের বিশেষ শাখা তাকে জিজ্ঞাসাবাদ করে।
হোটেলে সুনন্দার মরদেহ পাওয়ার পর তার `আত্মহত্যার` গুঞ্জন উঠলে সমাজবাদী পার্টির সাবেক এ নেতা সাংবাদিকদের বলেন, সুনন্দা একজন সাহসী নারী; তিনি আত্মহত্যা করতে পারেন না।
অমর সিং দাবি করেন, মৃত্যুর দুদিন আগে সুনন্দা তাকে ডাকেন এবং আইপিএলে কোচি টাস্কার্সের মালিকানার কেলেঙ্কারি বিষয়ে কথা বলেন।
এর আগে গত ২৩ জানুয়ারি নলিনী সিংসহ দুই সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্তকারী পুলিশের বিশেষ এ শাখা। জিজ্ঞাসাবাদে তারা বলেন, মৃত্যুর আগে সুনন্দা তাদেরকেও ডেকেছিলেন এবং আইপিএল কেলেঙ্কারি বিষয়ে কথা বলেছেন।
আইপিএলে কোচি টাস্কার্সের মালিকানার নিয়ে ঘুষ লেনদেনের সময় সুনন্দা সামনে ছিলেন বলে ধারণা করছে পুলিশ। আর এ কারণে তাকে হত্যা করা হতে পারে বলেও ধারণা তাদের।
২০১০ সালে যখন আইপিএলে এ কেলেঙ্কারি ঘটে শশী থারুর তখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। এ ঘটনার সমালোচনার পরিপ্রেক্ষিতে শশী থারুর পরে পদত্যাগ করেন। সুনন্দার মৃত্যুর ঘটনায় গত ৬ জানুয়ারি একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ।
গত বছর সুনন্দার মরদেহের ময়নাতদন্তে ১৫টির মতো আঘাতের চিহ্ন পাওয়া যায়। এর মধ্যে তার ডান হাতের তর্জনি ও মধ্যমা আঙ্গুলের মাঝখানে পাওয়া একটি ছিদ্র নিয়ে পুলিশ `গভীর` তদন্ত হবে বলে তখন জানিয়েছিলেন বিএস বাসি।
সুনন্দার লাশের ময়নাতদন্ত ও ফরেনসিক তদন্তে `ইনজেকশনের মাধ্যমে অথবা মুখে` সুনন্দার দেহে বিষ প্রয়োগের বিষয় উঠে আসে। তবে ঠিক কি ধরনের বিষ প্রয়োগে তার মৃত্যু হয় তা নিশ্চিত হওয়ার জন্য ভিসেরা (অন্ত্র) নমুনা বিদেশে পাঠানো হতে পারে বলেও জানিয়েছিল পুলিশ।
তবে স্ত্রীর মৃত্যুর ঘটনায় পুলিশের হত্যা মামলা দায়েরে `বিস্মিত` হয়েছেন বলে জানিয়েছিলন শশী থারুর। এ ঘটনার সুষ্ঠু তদন্তে সহায়তারও আশ্বাস দেন এ কংগ্রেস নেতা। পরে এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সুনন্দার ছেলে শিভ পুষ্কর মেনন ও শশী থারুরকে আবার জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে।
গত বছরের ১৭ জানুয়ারি দিল্লির একটি পাঁচ তারকা হোটেলে কংগ্রেসের সাবেক মন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুস্করের লাশ পাওয়া যায়। বিষ প্রয়োগে তার মৃত্যু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এলেও তা আত্মহত্যা না হত্যা সে বিষয়ে বিতর্ক ছিল। মৃত্যুর একদিন আগে সুনন্দা পাকিস্তানি এক নারী সাংবাদিকের সঙ্গে তার স্বামীর সম্পর্ক রয়েছে বলে টুইটারে মন্তব্য করেন।
এএইচ/আরআই