হিজবুল্লাহর হামলায় ১৭ ইসরাইলি সেনা নিহত


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২৮ জানুয়ারি ২০১৫

লেবাননের ইসলামী সংগঠন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের ১৭ সেনা নিহত হয়েছে। এছাড়া এক ইসরাইলি সেনাকে আটক এবং অন্তত ছয় সেনা আহত হয়েছে। এর মধ্যে একজন শীর্ষ পর্যায়ের সেনা কমান্ডার রয়েছে। সংগঠনটির পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।
 
এদিকে ঘটনার পর ইসরাইলের শীর্ষ সেনা কমান্ডাররা জরুরি বৈঠকে বসেছে। তবে ইসরাইল এখন পর্যন্ত সরকারিভাবে বিষয়টি নিশ্চিত করেনি। খবর প্রেস টিভি।
 
ইসরাইলি গণমাধ্যমে বলঅ হয়েছে, তাদের চার সৈন্য আহত হয়েছে। আলজাজিরা অবশ্য চার সৈন্য নিহত হওয়ার কথা প্রকাশ করেছে।
 
হিজবুল্লাহ জানিয়েছে,  সিরিয়ার গোলান মালভূমিতে ইসরাইলি হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। লেবাননের শেবা খামার এলাকা থেকে এ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে খবর দিয়েছে প্রেস টিভি।
 
ইরানের ফার্স নিউজ জানায়, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের অন্তত নয়টি সামরিক যানে হামলা চালায়। তবে, ক্ষেপণাস্ত্র, নাকি কামানের গোলা বর্ষণ করা হয়েছে তা স্পষ্ট নয়।
 
এদিকে, ইসরাইলের হাইফা ও রাশবিনা বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, ইসরাইলের উত্তরাঞ্চলের প্রধান সড়কগুলোতে জনসাধারণ ও যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। হামলার জবাবে ইসরাইলও লেবাননের ভেতরে অন্তত ২৫টি গোলা ছুঁড়েছে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।