আফগানিস্তানে ৩০ মুসলিম অপহৃত
আফগানিস্তানের দক্ষিণাঞ্চল থেকে মুখোশধারী অস্ত্রধারীরা ৩০ শিয়া মুসলমানকে অপহরণ করেছে। অপহৃতরা বাসে করে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর হেরাত থেকে রাজধানী কাবুলে যাচ্ছিলেন। তারা সংখ্যালঘু হাজরা সম্প্রদায়ের বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় তাঁদের অপহরণ করা হয় বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। খবর এএফপি।
অপহৃত ওই যাত্রীরা যে দুটি বাসে ছিলেন, সেই বাস কোম্পানিটির একজন কর্মকর্তা নাসির আহমেদ জানান, একদল মুখোশধারী বাসের চালককে বাসটি থামাতে সংকেত দেয়। তারা আফগানিস্তান সেনাবাহিনীর পোশাক পরিহিত ছিল। চালক ওই দলটিকে সেনাবাহিনীর লোক ভেবে বাসটি থামান। এরপর বন্দুকধারীরা বাস দুটি থেকে ৩০ জন পুরুষকে নিয়ে গেছে। নারী ও শিশুদের ছেড়ে দিয়েছে।
এদিকে তাৎক্ষণিকভাবে কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানে ডাকাত, স্থানীয় বিদ্রোহী ও তালেবান যোদ্ধারা প্রায়ই অর্থের জন্য সাধারণ মানুষকে অপহরণ করে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সাদিক সিদ্দিকি জানিয়েছেন, পুলিশ তাঁদের নিরাপদে মুক্ত করতে কাজ করছে।
আফগানিস্তানে সংখ্যালঘু হাজরা সম্প্রদায়ের লোকেরা প্রায়ই সাম্প্রদায়িক সহিংসতার শিকার হন। বিশেষত পাকিস্তান ও আফগানিস্তানের কট্টর সুন্নি মুসলিমদের হামলার শিকার হন তাঁরা। ২০১৩ সালের শুরুর দিকে আফগান সীমান্তবর্তী কুয়েটা শহরে বড় ধরনের দুটি হামলার ঘটনায় হাজারা সম্প্রদায়ের অন্তত ২০০ জন মারা যান।
এএইচ/পিআর