আফগানিস্তানের উপত্যকায় বাড়ছে লাশের ভিড়
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপত্যকায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লাশের সংখ্যা। মোট চারটি প্রদেশে তুষারধসে নিহতের সংখ্যা দুইশ ছাড়িয়ে গেছে। শুধুমাত্র পানজশির উপত্যকায় মারা গেছে প্রায় পৌনে দুইশ মানুষ। আফগান কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরা।
মঙ্গলবার তুষারধসে দেশটির চার প্রদেশের ঘরবাড়ি বরফ-চাপা পড়েছে বলে জানায় দেশটির প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পানজশির প্রদেশ। রাজধানী কাবুল থেকে একশ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলের এই উপত্যকায় তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮। প্রাদেশিক গভর্নর আবদুল রহমান কাবিরি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বরফ-চাপা ঘরবাড়ি থেকে আটকা পড়াদের উদ্ধারের কাজ এখনও চলছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবরে বলা হয়, উদ্ধারদলকে সাহায্য করছেন প্রায় তিনশ সাধারণ নাগরিক। তবে তাদের কাছে উপযুক্ত যন্ত্রপাতি না থাকায় উদ্ধারকাজ ত্বরান্বিত হচ্ছে না।
এএইচ/আরআই