সৌদিতে আবারো ধরপাকড় শুরু


প্রকাশিত: ১০:১১ এএম, ০২ মার্চ ২০১৫

সৌদি আরবে অবৈধভাবে বসবাসকারী প্রবিাসীদের ধরপাকড় শুরু করেছে দেশটি। গতকাল রোববার থেকে এ ধরপাকড় অভিযান শুরু করেছে তারা। আর এ অভিযানের অংশ হিসেবে নিরাপত্তা জোরদার করা হয় দেশটির রাস্তায় রাস্তায়। খবর- আরব নিউজ ও সৌদি গেজেট

জেদ্দা পুলিশের বরাত দিয়ে রোববার তারা জানান, মহাসড়কে টহলরত বিশেষ বাহিনীর কমান্ডার মেজর জেনারেল খালেদ আল কাহাতানি বলেছেন, মহাসড়কে নিরাপত্তা জোরদার করা আমাদের দৈনন্দিন দায়িত্ব। আর এ দায়িত্ব পালনে নিরাপত্তা বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও নির্দেশ অনুযায়ী কাজ করে যাচ্ছে।

শ্রম শক্তি ও শ্রম আইন অমান্যকারীদের সনাক্ত করতেই এ ধরনের অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

অবৈধ শ্রমিক গ্রেফতার করতে দ্বিতীয়বারের মতো এই ধরপাকড় অভিযান চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শ্রম আইন অমান্য করে দেশে বসবাসকারী অভিবাসীদের ধরতে এ অভিযান কখনও থামবে না। মক্কা থেকে দিনে ৪০০ থেকে ৫০০ অভিবাসী গ্রেফতার করা হচ্ছে। যাদের কাছে আকামা নেই।

নির্মাণ বিষয়ক জাতীয় কমিটির একজন সদস্য ফাহাদ মোমেনাহ জানান, এ অভিযানে নেতিবাচক প্রভাব পড়বে নির্মাণাধীন কোম্পানির ওপর। সবচেয়ে বেশি লোকসানের শিকার হবে ক্ষুদ্র উদ্যোক্তারা, কারণ তারাই এ ধরনের শ্রমিকদের ওপর বেশি নির্ভরশীল। তবে এ অভিযানে দেশ থেকে ভুয়া ঠিকাদার নির্মূল হবে।

প্রসঙ্গত, ২০১৩ সালের নভেম্বরে সে দেশে অবস্থানরত অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার সময় বেঁধে দেয় সৌদি সরকার। কিন্তু এ সময়ের মধ্যেও অনেকে বৈধ হতে পারেননি। এরপর তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে হাজার হাজার অবৈধ অভিবাসীদের গ্রেফতার করে দেশটির পুলিশ। পরবর্তীতে, ২০১৪ সালের শুরুর দিকে বৈধ হওয়ার সুযোগ দেয় সরকার। তারপরও এ সুযোগ কাজে লাগাতে পারেনি অনেক অভিবাসী।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।