বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টিভি শো`র সঞ্চালক ছাঁটাই


প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১০ মার্চ ২০১৫

ব্রিটেনের তুমুল জনপ্রিয় সত্য ঘটনার ওপর করা টিভি শো টপ গিয়ার-এর সঞ্চালক জেরেমি ক্লার্কসনকে বরখাস্ত করেছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)। বর্ণবাদ ইস্যুতে শো-এর এক প্রযোজকের সঙ্গে বিরোধের জের ধরে জেরেমিকে বরখাস্ত করা হলো।

গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের মতে টপ গিয়ার এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক দর্শকের দেখা সত্য ঘটনার ওপর নির্মিত টিভি শো। সে হিসেবেই জেরেমি ক্লার্কসনও বিশ্বব্যাপি দারুণ জনপ্রিয় একজন সঞ্চালক। শুধু ২০১২ সালেই এই শো করে তিনি আয় করেছেন ১৪০ লাখ পাউন্ড।

কিন্তু এই ঘটনার আগে থেকেই জেরেমি সেই বর্ণবাদ ইস্যুতেই বিবিসি’র সতর্কবার্তার মধ্যে ছিলেন। বিভিন্ন সময় তার শো-এর বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ করেছে দর্শকরা। এমনকি শো-এর সঙ্গে যুক্ত কর্মীদের মধ্যেও এ নিয়ে অসন্তোষ ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে বিবিসি গোপন একটি তদন্তও চালায়, যার প্রেক্ষিতেই জেরেমিকে চূড়ান্তভাবে সতর্ক করে দেওয়া হয়েছিল।

বিবিসি’র বাণিজ্যিক খাত বিবিসি২-এর এই দারুণ সফল অনুষ্ঠান এ সপ্তাহে প্রচার হচ্ছেনা বলেও এরইমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। এর ভবিষ্যৎ সম্পর্কেও কোনো মন্তব্য করেনি বিবিসি কর্তৃপক্ষ।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।