যুক্তরাষ্ট্রে ১১ সেনাসহ হেলিকপ্টার বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। মঙ্গলবার রাতে রাজ্যের পেনসাকোলা এলাকার কাছে এ ঘটনা ঘটে।
হেলিকপ্টারটিতে সাত মেরিন সেনা ও আরও চারজন সেনা সদস্য ছিলেন। খবরে বলা হয়েছে, এগলিন বিমানঘাঁটিতে রাত্রিকালীন প্রশিক্ষণে অংশ নেওয়া ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
এগলিন বিমানঘাঁটির মুখপাত্র অ্যান্ডি বোরল্যান্ড জানান, পার্শ্ববর্তী ডেস্টিন বিমানবন্দর থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। এরপর স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে সেটি নিখোঁজ হয়। পরে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ চিহ্নিত করা হয়।
বোরল্যান্ড জানান, প্রশিক্ষণে অংশ নেওয়া দ্বিতীয় হেলিকপ্টারটি নিরাপদে ফিরে এসেছে। ইউএইচ-৬০ বা ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি। সূত্র: বিবিসি
বিএ/পিআর