চীনে বামনদের থিম পার্ক!
পর্যটক আকর্ষণের জন্য চীনে তৈরি করা হয়েছে ছোট মানুষ ও বামনদের থিমপার্ক। ইতোমধ্যে অন্যতম একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে বামনদের নিয়ে গড়ে ওঠা থিম পার্কটি। এটি বামনদের রাজ্য বা ‘দ্য কিংডম অব দ্য লিটল পিপল’ নামে পরিচিত। এখানে কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সবাই বামন। দেশটির কুনমিং শহরের অদূরে পর্যটকদের জন্য ২০০৯ সালে গড়ে তোলা হয় চমৎকার এ পার্ক বা বিনোদন কেন্দ্র।
বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চীনের কুসংস্কারাচ্ছন্ন সংস্কৃতিতে চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ক্ষেত্রে প্রায়ই বামনদের পরিহার করা হয়। অনেকে তাদের সমাজের একটি বিচ্ছিন্ন অংশ ভেবে অবহেলা করেন। তবে থিম পার্কটি প্রতিষ্ঠার মাধ্যমে বামন বা ছোট মানুষদের জন্য একটি নিরাপদ কর্মস্থান সৃষ্টি করা গেছে।
পাহাড়ের চূড়ায় গড়ে তোলা পার্কটি পর্যটকদের উপস্থিতিতে তারা উৎসবে মেতে ওঠেন। গার্ড অব অনার, নৃত্য, শারীরিক কলাকৌশল ও গান গেয়ে অতিথিদের স্বাগত জানান তারা। তাদের সবার পোশাক বিভিন্ন রঙ-ঢঙে সাজানো। জাঁকজমকভাবে বানানো হয়েছে সেখানকার বাড়ি, হোটেল ও রেস্তোরাঁগুলো। সাজানো হয়েছে অদ্ভুত সব চিত্রে।
সারাদিনের কর্মের উপার্জন থেকে কিছু অর্থ তাদের জীবনধারণের জন্য দেয়া হয়। বাকিটা সরকারের কোষাগারে জমা দিতে হয়। তবে কেউ কেউ অভিযোগ করেন, বামনদের সমাজ থেকে বিচ্ছিন্ন রাখতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।
বিএ/পিআর