মমতার শিল্পকর্ম ২ কোটি নয়, ২০ লাখ টাকা


প্রকাশিত: ০৭:১০ এএম, ১২ এপ্রিল ২০১৫

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আঁকা ছবির সঙ্গে সারদা কেলেঙ্কারি যোগ নিয়ে বিতর্ক এখনো তুঙ্গে। বিরোধীদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি কিনেছিলেন সারদার কর্ণধার সুদীপ্ত সেন। মমতার সঙ্গে সুদীপ্ত সেনের যোগাযোগ নিয়ে তৈরি হয়েছিল অনেক প্রশ্ন।

সুদীপ্তর সঙ্গে বৈঠকের কথা স্বীকার করে দল ও নেত্রী উভয়েরই বিড়ম্বনা বাড়িয়েছিলেন দলের সাবেক সাধারণ সম্পাদক মুকুল রায়। তৃণমূলের আয়-ব্যয়ের হিসাব নিয়ে তৃণমূল ভবনে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

এ রকম পরিস্থিতিতে এবং কলকাতা পৌরসভার ভোটের আগে মমতা শনিবার কলকাতায় এক জনসভায় বলেন, `আমার ছবির দাম দুই কোটি নয়। যে ছবিটি সবথেকে বেশি দামে বিক্রি হয়েছে তার দাম ২০ লাখ টাকা।`

সিপিআইএম, বিজেপি, কংগ্রেসকে একসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, `শাড়ির দোকানদার যেমন জানেন না তাঁর দোকান থেকে কে শাড়ি কিনেছে, তেমনি আমিও জানি না আমার ছবি কে কিনেছে।`

ছবির টাকা কোথায় গেল-বিরোধীরা একাধিকবার এই প্রশ্ন তুলেই কটাক্ষ করেছেন তৃণমূল দলনেত্রী মমতাকে। এদিনের জনসভায় সেই প্রশ্নেরও উত্তর দিলেন তিনি।

বলেছেন, `দলের অ্যাকাউন্টে ২০ কোটি টাকাও নেই। ভোটের সময় তাই ছবি এঁকে, বই বিক্রি করে অর্থ সংগ্রহ করি। সেই টাকা আমার অ্যাকাউন্টে জমা হয় না। মুখ্যমন্ত্রীর তহবিলেও আমি আমার আঁকা ছবির টাকা দিয়েছি।` সূত্র : জিনিউজ।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।