রাশিয়ায় দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১৫


প্রকাশিত: ০২:৪৯ এএম, ১৪ এপ্রিল ২০১৫

রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণাঞ্চলে উষ্ণ তাপমাত্রা ও দমকা হাওয়ার প্রভাবে সৃষ্ট দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ৪৬০ জনের বেশি লোক আহত হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। সোমবার কর্তৃপক্ষ একথা জানিয়েছেন।

আঞ্চলিক কর্তৃপক্ষের এক নারী মুখপাত্র জানান, রোববার সাইবেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের খাকাসিয়া অঞ্চলে দাবানলে মোট ৪৬৮ আহত হয়েছেন এবং ৭৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নারী মুখপাত্র ইরিনা এমেলিয়ানোভা জানান, হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। এই ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।

ইরিনা বলেন, রোববার তাপমাত্রা বেড়ে ২৫ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছিল এবং তখন ঝড়ো হাওয়া বয়ে যায়। ইরিনা আরও বলেন, ঝড়ো হাওয়া ও তাপমাত্রা মিলে এই দাবানলের সৃষ্টি হয়েছে।

আঞ্চলিক কর্তৃপক্ষের এই মুখপাত্র বলেন, এর আগে আমরা এ ধরনের ঘটনা দেখিনি। তিনি জানান, দাবানলে ৩০টির বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগটিতে এই অঞ্চলের ‘ব্যাপক ক্ষতি’ হয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, দাবানলে অন্তত ৭০০ গবাদিপশু ও প্রায় তিন হাজার ভেড়া মারা গেছে।

কর্তৃপক্ষ জানায়, ভয়াবহ এই দাবানলে দশ বর্গকিলোমিটার জায়গা পুড়ে গেছে। ২০১০ সালের দাবানলে অন্তত ৬০ জনের প্রাণহানি ও তিন হাজারের বেশি বাড়ি ধ্বংস হয়।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।