অন্ধ্র-তেলেঙ্গানায় প্রবল বর্ষণে ১১ জনের মৃত্যু
দক্ষিণ ভারতের অন্ধ্র ও তেলেঙ্গানা রাজ্যের বেশ কয়েকটি স্থানে ঘূর্ণিঝড়ের সঙ্গে প্রবল বর্ষণে ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার বিদ্যুৎস্পৃষ্ট ও বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
এর মধ্যে তেলেঙ্গানায় বৃষ্টি সংশ্লিষ্ট ঘটনায় ছয়জন মারা গেছে। অন্ধ্রপ্রদেশের রায়ালাসিমা অঞ্চলের কুরনুল ও কাদাপায় পাঁচজন এবং আদিলাবাদে দেয়াল ধসে তিনজন এবং ওয়ারাঙ্গালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন মারা গেছে।
এদিকে অনন্তপুরে দেয়াল ধসে দুইজন এবং কাদাপায় এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এছাড়া কুরনুল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও দুজন মারা গেছে।
বৈরী আবহাওয়ার কারণে রাজ্য দুটির বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। হায়দরাবাদে প্রবল বর্ষণের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এছাড়াও এতে রাস্তাঘাট ও নর্দমাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি নিচু এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।
এদিকে এই প্রবল বর্ষণে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের বেশ কয়েকটি স্থানে কয়েকশ একর ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ভুট্টা, ধান, আম ও তুলা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
বিএ/আরআইপি