ইরাকে হত্যাকাণ্ডের দায়ে যুক্তরাষ্ট্রের চার রক্ষীর কারাদণ্ড


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৪ এপ্রিল ২০১৫

ইরাকের ১৪ বেসামরিককে হত্যার অপরাধে যুক্তরাষ্ট্রের এক ভাড়াটে সেনাকে আজীবন ও অন্য তিনজনকে ৩০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার বিবিসি জানিয়েছে, ২০০৭ সালে ইরাকের রাজধানী বাগদাদের জনাকীর্ণ নিসোর চত্বরে ওই ১৪ জনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের ব্ল্যাকওয়াটার কোম্পানির ওই চার ভাড়াটে সেনা।

যুক্তরাষ্ট্রের সমারিক বহর যাওয়ার পথ করতে বিক্ষোভরত নিরস্ত্র মানুষের ওপর গুলি চালিয়েছিল বেসরকারি নিরাপত্তা কোম্পানি ব্ল্যাকওয়াটারের রক্ষী তথা ভাড়াটে সেনারা। এতে আরো ১৭ জন আহত হয়েছিলেন।

এই হত্যাকাণ্ডের ঘটনা বিশ্বব্যাপী আলোড়ন তুলে ব্যাপক ক্ষোভের কারণ হয়েছিল। এতে যু্দ্ধক্ষেত্রে প্রতিরক্ষা ঠিকাদারদের পাঠানো ভাড়াটে সেনার ব্যবহার নিয়েও বিতর্ক ছড়িয়ে পড়েছিল।

ওই হত্যাকাণ্ডের দায়ে ২০১৪ সালে নিকোলাস শ্লাটেন ও অন্য তিনজনকে অভিযুক্ত করা হয়। এদের মধ্যে শ্লাটেন খুনের দায়ে অভিযুক্ত হয়েছেন, অন্যান্যরা অনিচ্ছাকৃত হত্যা, অনিচ্ছাকৃত হত্যার উদ্যোগ ও মারাত্মক অপরাধ করার দায়ে অভিযুক্ত হয়েছেন।

ওয়াশিংটন ডিসি’র একটি আদালত হত্যাকাণ্ডের জন্য শ্লাটেনকে আজীবন এবং পল শ্লগ, ইভান লিবার্টি ও ডাস্টিন হেয়ার্ডকে ৩০ বছর করে কারাদণ্ডের আদেশ দেন।

অভিযুক্তরা দাবি করেছিল, বিদ্রোহীদের গুলির মুখে পাল্টা গুলি চালাতে বাধ্য হয়েছিল তারা। কিন্তু তদন্তকারী আইনজীবীরা প্রমাণ করেছেন, যা হয়েছিল তা ছিল বিনা উস্কানিতে বেসামরিক মানুষদের ওপর আকস্মিক হামলা।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।