ভূমধ্যসাগরে নৌকাডুবি : ৪০০ প্রাণহানির শঙ্কা
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে একটি নৌকা ডুবে গেছে। নৌকাটিতে অনেক শিশুসহ কমপক্ষে ৫৫০ জন বিদেশগামী যাত্রী ছিল বলে জানা গেছে। এ ঘটনায় ৪০০ বিদেশগামীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার করা জীবিতদের বরাত দিয়ে এ কথা জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। খবর বিবিসি ও আলজাজিরার।
ইতালীয় কোস্টগার্ড সোমবার ১৪৪ জনকে জীবিত উদ্ধার করেছে। উদ্ধার হওয়াদের বেশিরভাগই ‘বয়সে তরুণ ও সম্ভবত সংখ্যালঘু’ বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন।
ইতালীয় কোস্টগার্ড এপর্যন্ত ৯টি লাশ উদ্ধার করতে পেরেছে। সোমবারের পর থেকে আর কোনো জীবিত ব্যক্তিকে উদ্ধার করা যায়নি।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, গত শুক্রবার পর্যন্ত ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে প্রায় সাড়ে ৮ হাজার বিদেশগামীকে উদ্ধার করেছে ইতালীয় কোস্টগার্ড।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের হিসাব মতে, সিরিয়া, ইরিত্রিয়া এবং সোমালিয়ায় সংঘাতময় পরিস্থিতির কারণে প্রতি বছর আড়াই লাখেরও বেশি মানুষ অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করে। সূত্র: আলজাজিরা ও বিবিসি
এআরএস/পিআর