লিবিয়ায় সহিংসতাকারীদের বিরুদ্ধে অবরোধের হুমকি জাতিসংঘের


প্রকাশিত: ০৬:২৩ এএম, ১৫ এপ্রিল ২০১৫

জরুরি ভিত্তিতে একটি ঐকমত্যের সরকার গঠনে লিবিয়ার যুদ্ধরত উপদলগুলোর ওপর চাপ এবং ধারাবাহিক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে অবরোধ আরোপের হুমকি দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

সর্বসম্মতিক্রমে গৃহীত এক ঘোষণায় ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদ লিবিয়ার রাজনৈতিক, নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক সংকটের অবসান ঘটিয়ে একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠনের ব্যবস্থার বিষয়ে সম্মত হওয়ার ব্যাপারে শান্তি আলোচনায় অংশ নিতে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

সোমবার জাতিসংঘের উদ্যোগে আলজিয়ার্সে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সক্রিয় কর্মীদের অংশ গ্রহণে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ২০১১ সাল থেকে লিবিয়ায় ছড়িয়ে পড়া সংঘাত নিরসনে একটি চুক্তিতে পৌঁছানো যাবে বলে এতে অংশ গ্রহণকারীরা আশা করছেন।

বিবৃতিতে বলা হয়, লিবিয়ায় অব্যাহত সহিংসতার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা আবারও বলেন, লিবিয়ার এ সংকট নিরসনে সামরিক পদক্ষেপ কোনো সমাধান হতে পারে না। এক্ষেত্রে সংলাপের জন্য শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে বৈরিতা পরিহারে সকল পক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, লিবিয়ার শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে অবরোধ আরোপ করতে তারা প্রস্তুত।

উল্লেখ্য, ২০১১ সালে ছড়িয়ে পড়া ওই আন্দোলনে প্রেসিডেন্ট মোয়াম্মার গাদ্দাফির পতন ঘটে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।