৪২ বছর পর কানাডায় ভারতীয় প্রধানমন্ত্রী
দীর্ঘ ৪২ বছর পর কানাডা সফরে গেছেন ভারতীয় কোনো প্রধানমন্ত্রী। বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ম্যাকডোনাল্ড কার্টিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান কানাডায় ভারতীয় হাই কমিশনের প্রধান বিষ্ণু প্রকাশ। ভারতের প্রধানমন্ত্রীকে ঘিরে বাড়তি উন্মাদনা দেখা দিয়েছে প্রবাসী ভারতীয়দের মধ্যে। বিমানবন্দরে নেমেই প্রবাসী ভারতীয়দের দেখে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদীও। হাত মিলিয়েছেন তাঁর ভক্তদের সাথেও।
শেষ ৪২ বছরে ভারতের কোনো প্রধানমন্ত্রী কানাডা সফরে এলেন। সফরে কানাডা থেকে ইউরেনিয়াম আমদানি, ভারতে আর্থিক বিনিয়োগসহ ভারত-কানাডা ভিসা ব্যবস্থা, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে মূলত এই বিষয়গুলো নিয়েই আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
এছাড়াও শিক্ষা, প্রযুক্তি, বিজ্ঞান প্রভৃতি বিষয়েও আলোচনা হতে পারে ওই বৈঠকে। কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপারসহ কানাডার শিল্পপতিদের সঙ্গেও দেখা করবেন নরেন্দ্র মোদী।
কানাডার অটোয়া শহর থেকে বধবারই টরেন্টোতে যাবেন নরেন্দ্র মোদী। সেখানে রিক কলিসিয়ামে বক্তৃতা করবেন তিনি। সূত্রের খবর টরেন্টো শহরের লক্ষী নারায়ণ মন্দিরেও যেতে পারেন নরেন্দ্র মোদী। এর আগে ফ্রান্স ও জার্মানি সফর করেন নরেন্দ্র মোদী।
বিএ/এমএস