হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে একজোট বিশ্ব


প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১৫ এপ্রিল ২০১৫

জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের নতুন অবরোধ আরোপের মাধ্যমে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো একজোট হতে পেরেছে। মঙ্গলবার বিদেশি মধ্যস্থতায় আলোচনার পর ইরান অস্ত্র বিরতির প্রস্তাব দেয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ ভোট হয়।

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ব্যাপক হামলায় প্রেসিডেন্ট আবেদ্রাবো মনসুর হাদি বাধ্য হয়ে দেশ থেকে পালিয়ে গেছেন। ইয়েমেনের এ সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য সীমান্তে আবারও ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে সৌদি আরব এ সংঘাতে বিদ্রোহীদের মদদ দেয়ায় ইরানকে দায়ী করছে।

সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সৌদি নেতৃত্বাধীন জোট শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান অভিযান শুরু করার পর থেকে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে এবং তারা রাজধানী সানা থেকে যোদ্ধাদের তুলে নেয়ার দাবি জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানকে নিষেধাজ্ঞা মেনে চলার এবং তাদের নিষেধাজ্ঞার কালো তালিকায় বিদ্রোহীদের দুই শীর্ষ নেতার নাম যুক্ত করা হয়েছে। ইরান এ সংঘাত নিরসনে তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি আলোচনা মোতাবেক শান্তি পরিকল্পনার প্রস্তাব দিয়েছে।

ইরানের প্রস্তাবে সরকার গঠনের ক্ষেত্রে ক্ষমতা ভাগাভাগির কথা বলা হয়েছে। উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে হুথি বিদ্রোহীদের সহযোগিতা করার অভিযোগ রয়েছে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।